
নিজস্ব সংবাদদাতা, পশ্চিম বর্ধমান: শারদীয়ার আনন্দ, সাহিত্য-সংস্কৃতির মেলবন্ধন এবং পারস্পরিক সৌহার্দ্যের আবহকে সঙ্গী করে দুর্গাপুরে উদযাপিত হল ‘আন্তরিক শারদীয়া উৎসব ২০২৬’। গত ১১ অক্টোবর পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের অরভিল পার্ক দুর্গামন্দির সংলগ্ন আপনজন মিলনায়তনে এই বিশেষ সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়।

দেবব্রত মুখার্জীর মধুময় চণ্ডীপাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা ঘটে। তাঁর আবৃত্তি ও মন্ত্রোচ্চারণে সমগ্র মিলনায়তনে তৈরি হয় এক ভক্তিঘন ও মঙ্গলময় পরিবেশ। উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুরের বিশিষ্ট ৮৬ বছর বয়সী প্রবীণ কবি কৃষ্ণ দেব।

এই সাংস্কৃতিক মিলনমেলায় দুর্গাপুর ও তার আশপাশের অঞ্চল থেকে প্রায় ৫০ জন কবি, সাহিত্যিক ও শিল্পী অংশগ্রহণ করেন। তাঁদের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক অনন্য মাত্রা লাভ করে। আয়োজকদের পক্ষ থেকে অংশগ্রহণকারী প্রতিটি গুণীজনকে উত্তরীয় পরিয়ে এবং বিশেষ স্মারক প্রদান করে সম্মানিত করা হয়।

সমগ্র অনুষ্ঠানটির সুষ্ঠু সম্পাদনা ও ব্যবস্থাপনায় ছিলেন সম্পাদক অন্তরা সিংহরায়। তাঁর বিশেষ উদ্যোগে শারদীয়ার মরসুমে এই অনুষ্ঠানটি আন্তরিকতার স্পর্শ পায়। উৎসবটি সফলভাবে রূপায়ণে অগ্রণী ভূমিকা পালন করেন আয়োজক পাঁচুগোপাল ব্যানার্জী ও অশোক সৌ মণ্ডল। পাশাপাশি জয়ন্তী সাহা, জয়া মোদক ও প্রিয়াঙ্কা মণ্ডলের সক্রিয় সহযোগিতা অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করে তোলে।

শারদোৎসবকে কেন্দ্র করে কবি, লেখক ও শিল্পীদের এই অপূর্ব সমাগম সম্প্রীতি, সৌভ্রাতৃত্ব এবং সাংস্কৃতিক চর্চার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রইল।

