
নিজস্ব সংবাদদাতা, হুগলি: শিক্ষা ও সমাজসেবার বার্তা নিয়ে কেবিএন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে অনুষ্ঠিত হল ‘কুমীরমোড়া ভগবতীপুর নবাবপুর ইউসুফ সাহেব (রহ.) স্কলারশিপ টেস্ট’-এর তৃতীয় বর্ষের স্কলারশিপ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে স্কলারশিপ, শংসাপত্র, স্মারক ও অন্যান্য উপহার তুলে দেওয়া হয়।

সঞ্চালক মুহাম্মদ আবুবক্কার মল্লিকের বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘ফ্ল্যাগম্যান অফ বেঙ্গল’ খ্যাত বিশিষ্ট সমাজসেবী প্রিয় রঞ্জন সরকার (মনু দা)। ‘মায়ের প্রেরণা’ ফাউন্ডেশনের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের কৃত্রিম অঙ্গ দিয়ে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার যে মানবিক কাজ তিনি করছেন, অনুষ্ঠানে তার বিশেষ প্রশংসা করা হয়। অতিথির আসন অলংকৃত করেন ‘সংবাদ প্রতিখন’-এর কর্ণধার স্বরূপম চক্রবর্তী এবং বিশিষ্ট সাংবাদিক ও চিত্রশিল্পী দিপান্বীতা দাস। এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন এলাকার প্রথিতযশা শিক্ষক, চিকিৎসক, প্রশাসনিক ব্যক্তিত্ব ও সমাজকর্মীবৃন্দ।

অনুষ্ঠানে ‘কেবিএন খান বাহাদুর লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ প্রদান করা হয় প্রবীণ শিক্ষক তাপস কুমার মহাশয়কে। দীর্ঘদিনের শিক্ষাদানের অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এই সম্মাননা দেওয়া হয়।

সংগঠনের সম্পাদক সেখ সাহিদ শিক্ষার্থীদের ভবিষ্যৎ ও লক্ষ্য নির্ধারণ নিয়ে বক্তব্য রাখেন। পাশাপাশি পরীক্ষার পরীক্ষক ও স্বেচ্ছাসেবকদেরও শংসাপত্র দিয়ে সম্মানিত করা হয়।

সভাপতি মোস্তাকিম মল্লিকের ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। আগামী দিনে শিক্ষা ও সমাজসেবার কাজ আরও বৃহত্তর পরিসরে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি। মেধার স্বীকৃতি ও সামাজিক দায়বদ্ধতার এই উদ্যোগ এলাকার মানুষের কাছে বিশেষ প্রশংসা অর্জন করেছে।

