কচিকাঁচাদের সবুজ প্রতিজ্ঞা ও প্লাস্টিকমুক্ত পৃথিবীর বার্তা

অভিজিৎ হাজরা, হাওড়া: ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবসকে কেন্দ্র করে এক খণ্ড সবুজ উৎসবের সাক্ষী থাকলো উলুবেড়িয়ার হাটগাছা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বাড়মংরাজপুর প্রাথমিক বিদ্যালয়। গতবাঁধা অনুষ্ঠানের বাইরে গিয়ে, পরিবেশ ও প্রকৃতির ভারসাম্য রক্ষায় দিনভর একাধিক অভিনব কর্মসূচি পালন করলো বিদ্যালয়ের ক্ষুদে পড়ুয়ারা। দিনের শুরুতেই বিদ্যালয়ের দেওয়ালে নিজেদের মনের কথা লিখে শপথ নেয় কচিকাঁচারা। শ্রুতি, আফ্রিনা, তামিম ও সৌমিকদের মতো ছাত্র-ছাত্রীরা সেখানে মায়ের স্মরণে গাছ লাগানো এবং বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য রক্ষার অঙ্গীকার ফুটিয়ে তোলে।

প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব রুখতে এক দারুণ উদ্যোগ নেয় পড়ুয়ারা। বাড়ি থেকে ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল ও জারকে রঙ-তুলির ছোঁয়ায় সুন্দর সুন্দর ফুলের টব, ফুলদানি আর পেনদানীতে রূপ দিয়ে তারা পুনর্ব্যবহারের অনন্য বার্তা দেয়।

প্রাচীন গাছ সংরক্ষণের গুরুত্ব বোঝাতে বিদ্যালয়ের একটি পুরোনো শিশু গাছকে রাখি পরিয়ে সেটিকে বাঁচানোর শপথ নেওয়া হয়। পাশাপাশি, শিক্ষা দপ্তরের নির্দেশ মেনে “মায়ের নামে একটি গাছ” প্রকল্পের অধীনে লেবু, বেল ও মালবেরির মতো বিভিন্ন ফলদায়ী গাছের চারা রোপণ করা হয়।

“আমাদের পরিবেশ” বিষয়ে প্রবন্ধ রচনার পাশাপাশি ‘মায়ের নামে গাছ’ লাগানো নিয়ে আয়োজিত হয় একটি স্লোগান প্রতিযোগিতা। “মা আমাদের দিলেন প্রাণ, বৃক্ষ দিয়ে রাখবো তাঁর মান”— এমন সব চমৎকার স্লোগান লেখে সাদিয়া, শ্রুতি ও সৌমিকেরা। অনুষ্ঠান শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী শিশুদের পুরস্কৃত করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজদূত সামন্ত বলেন, কেবল বইখাতার শিক্ষায় সীমাবদ্ধ না থেকে, সারা বছরই আমাদের বিদ্যালয়ে পরিবেশ ও বাস্তুতন্ত্র রক্ষার পাঠ দেওয়া হয়। শিশুদের মনের ভেতর প্রকৃতির প্রতি এই দায়িত্ববোধ গড়ে তুলে তাদেরকে আগামী দিনের সচেতন নাগরিক বানানোর লক্ষ্যেই আজকের এই আয়োজন।”

Leave a Reply

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading