এগ্রো ট্যুরিজমের বার্তা নিয়ে ১৩তম লামপোখারী টুরিজম ফেস্টিভ্যাল

নিজস্ব সংবাদদাতা: পূর্ব সিকিম-এর অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র আরিতার-এর সুবিখ্যাত লামপোখারী লেক-কে কেন্দ্র করে আগামী ২৭ ও ২৮ মার্চ, ২০২৬ অনুষ্ঠিত হতে চলেছে ত্রয়োদশতম লামপোখারী টুরিজম ফেস্টিভ্যাল। আরিতার–দলপচাঁদ লামপোখারী ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে আয়োজিত এই দুই দিনব্যাপী উৎসবের মূল প্রতিপাদ্য বিষয় “এগ্রো ট্যুরিজমের প্রসার”।

উৎসব সম্পর্কে সোসাইটির সম্পাদক বিবেক রাই জানান, পূর্ব সিকিমের এই অঞ্চলে পর্যটনের বিকাশ এবং স্থানীয় বাসিন্দাদের আর্থ-সামাজিক উন্নয়নে এই উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি আরও বলেন, কমিউনিটি-ভিত্তিক এই উৎসবে সিকিমের বিভিন্ন সম্প্রদায়ের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে। এর মাধ্যমে রাজ্যের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরা এবং সংরক্ষণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি, জৈব ফসল ও সবজির প্রদর্শনী এবং বিক্রির ব্যবস্থাও রাখা হয়েছে।

উৎসবের প্রধান উপদেষ্টা ক্যানি গুরুং জানান, ২০০৬ সালে শুরু হওয়া এই লামপোখারী টুরিজম ফেস্টিভ্যাল ধীরে ধীরে জনপ্রিয়তা অর্জন করেছে। উৎসবের অঙ্গ হিসেবে আগামী ২৬ মার্চ পুরুষ ও মহিলাদের জন্য একটি ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়েছে।

প্রথম দিনের সন্ধ্যায় থাকছে অতিথি শিল্পীদের সঙ্গীতানুষ্ঠান। পাশাপাশি স্থানীয় শিল্পীদের পরিবেশনায় নানা সাংস্কৃতিক অনুষ্ঠান উৎসবকে আরও আকর্ষণীয় করে তুলবে বলে জানানো হয়েছে।

সোসাইটির সভাপতি ললিত রাই জানান, ২৮ মার্চ উৎসবের দ্বিতীয় দিনে স্থানীয় পর্যটনের উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে আরিতার–দলপচাঁদের হোমস্টে ও রিসোর্ট মালিকদের সঙ্গে দার্জিলিং, শিলিগুড়ি এবং পার্শ্ববর্তী এলাকার ট্যুর ও ট্রাভেল এজেন্সিগুলির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে।

উৎসব কমিটির পক্ষ থেকে এই আয়োজনের প্রধান পৃষ্ঠপোষক, এলাকার বিধায়ক তথা পশুপালন ও ভেটেরিনারি দপ্তরের মন্ত্রী পুরণ কুমার গুরুং-কে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

*** ফেস্টিভ্যালের সকল ছবি সংবাদ প্রতিখনের নিজস্ব সংগ্রহশালা থেকে নেওয়া 

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading