চিরতরুণ পুরস্কারে সম্মানিত হচ্ছেন মৃদুল দাশগুপ্ত


নিজস্ব সংবাদদাতা:
আগামী ২২ জানুয়ারী ২০২৬ উদ্বোধন হতে চলেছে  আন্তর্জাতিক কলকাতা বইমেলা। এই বছর আন্তর্জাতিক কলকাতা বইমেলা ৪৯ বর্ষে। এই বছরের মেলার ফোকাল থিম কান্ট্রি আর্জেন্টিনা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে শুভ উদ্বোধন  হতে চলেছে এই বছরের আন্তর্জাতিক কলকাতা বইমেলা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আর্জেন্টিনার বিশিষ্ট সাহিত্যিক গুস্তাবো কানসোব্রে এবং ভারতে নিযুক্ত আর্জেন্টিনার মাননীয় রাষ্ট্রদূত মারিয়ানো কাউসিনো, বিশিষ্ট সাহিত্যিক স্বপ্নময় চক্রবর্তী এবং পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দপ্তরের মন্ত্রীগণ। এছাড়াও উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের বিশিষ্ট কবি, সাহিত্যিক ও গুণিজনরা।

আগামী ৩০ জানুয়ারী বইমেলা প্রাঙ্গণে পালিত হবে বরিষ্ঠ নাগরিক দিবস। এইদিন চিরতরুণ সম্মানে ভূষিত করা হবে প্রবীণ কবি হুগলি জেলার শ্রীরামপুরের ভূমিপুত্র মৃদুল দাশগুপ্তকে। এর সঙ্গে সঙ্গে সম্মাননা জ্ঞাপন করা হবে প্রকাশক রাজেন্দ্র কুমার মেহরা এবং পাঠক নির্মল ভট্টাচার্যকে।

মেলা প্রাঙ্গণের এস বি আই অডিটোরিয়ামে থাকছে নানা অনুষ্ঠান, থাকছে বিভিন্ন বিষয়ের ওপর আলোচনা সভা ও সংগীতের অনুষ্ঠান। মেলায় থাকছে ৯টি তোরণ। যার মধ্যে দুটি তোরণ আর্জেন্টিনার স্থাপত্যর আদলে। এছাড়াও প্রফুল্ল রায় এবং প্রতুল মুখোপাধ্যায়ের নামে থাকছে দুটি তোরণ। সাহিত্যিক শৈলজানন্দ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে একটি তোরণ থাকছে।

লিটল ম্যাগাজিন প্যাভিলিয়ন আন্তর্জাতিক কলকাতা বইমেলার এক অন্যতম আকর্ষণ। শিল্পের আতুরঘর এই লিটল ম্যাগাজিন প্যাভিলিয়ন এই বছর করা হচ্ছে রাহুল পুরকায়স্থর নামে। জন্মশতবর্ষ উপলক্ষে শিল্পী ময়ুখ চৌধুরীর নামে থাকবে বইমেলার শিশু মণ্ডপ।

উল্লেখ করা যায় এবছরই বইমেলা প্রাঙ্গণে মেট্রো রেলের মাধ্যমে হাওড়া থেকে এসপ্ল্যানেড হয়ে সরাসরি পৌঁছোনো যাবে। বইমেলা কমিটির অনুরোধে মেট্রো রেল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছেন মেলার দিনগুলোয় আরও বেশি সংখ্যক মেট্রো চালানোর, রাত প্রায় ১০টা পর্যন্ত মেট্রো চালাবার এবং ছুটির দিনেও এই পরিষেবা চালু রাখার।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Powered by Joinchat