প্রাক্তন পৌরপ্রধানের স্মৃতিকে উসকে দিতে রক্তদান

নিজস্ব সংবাদদাতা, বসিরহাট: সীমান্ত শহর বসিরহাটের প্রবাদপ্রতিম রাজনীতিবিদ তথা বসিরহাট পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান হরিনারায়ণ ঘোষের ২৫ তম প্রয়াণ বর্ষে তার স্মৃতিকে মানুষের মননে আবার পৌঁছে দিতে রক্তদান শিবিরের আয়োজন করলো বসিরহাটের সৃষ্টি।

দীর্ঘদিন ধরে একাধিক সমাজসেবা মূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন সৃষ্টির সদস্যরা। এদিন বসিরহাট পৌরসভার ৭নং ওয়ার্ডের কাছারিপাড়া বিবেকানন্দ মোড় সংলগ্ন এক অনুষ্ঠান গৃহে রক্তদান শিবিরের আয়োজন করলো তারা। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বসিরহাট পৌরসভার উপপৌর প্রধান সুবীর সরকার বিলু, ৭নং ওয়ার্ডের কাউন্সিলর কৌশিক দত্ত, ৮নং ওয়ার্ডের কাউন্সিলর অসিত মজুমদার, ৪নং ওয়ার্ডের কাউন্সিলর সমীক রায় অধিকারী ও বিশিষ্ট শিক্ষক কালিদাস মজুমদার সহ হরিনারায়ণ ঘোষের পরিবারের সদস্যরা।

বাম সমর্থিত তৎকালীন আমলের পৌর প্রধান হরিনারায়ণ ঘোষ বসিরহাট পৌরসভার প্রায় ৪৫ বছরের কাউন্সিলর ও ৬ বারের বসিরহাট পৌরসভার পৌরপ্রধান ছিলেন। শহর বসিরহাটকে নতুন রূপ দিতে তার ভূমিকা ছিল অত্যন্ত প্রশংসনীয়। কিন্তু তার মৃত্যুর পর নতুন প্রজন্ম তাকে প্রায় ভুলতেই বসেছিল। তাই তার স্মৃতি রক্ষার্থে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান সংগঠনের অন্যতম সদস্য স্বদেশ বসু।

বসিরহাট পৌরসভার উপপৌর প্রধান সুবীর সরকার বিলু বলেন, “হরিনারায়ণ ঘোষ রাজনীতির উর্ধে গিয়ে মানুষকে পরিষেবা দিতেন। তার স্মৃতি রক্ষার্থে যেভাবে সৃষ্টি এগিয়ে এসেছে তা অত্যন্ত প্রশংসনীয়।” হরিনারায়ণ ঘোষের পরিবারের সদস্য মল্লিকা ঘোষ বলেন, “যেভাবে রক্তদান শিবির ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সৃষ্টি হরিনারায়ণ ঘোষকে মানুষের মনে পৌঁছে দিতে উদ্যোগী হয়েছে এই যুব সম্প্রদায় তা অত্যন্ত শিক্ষনীয়। আমি চাইবো আগামী দিনে তারা এরকম ধরনের অনুষ্ঠান আরো করুক। যাতে হরিনারায়ণ ঘোষের স্মৃতি মানুষের মন থেকে যেন মুছে না যায়।”

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading