
নিজস্ব সংবাদদাতা, হুগলি: চলছে হুগলির রিষড়ার বিশেষ আকর্ষণ জগদ্ধাত্রী আরাধনা। আলোকমালায় সেজে উঠেছে সেজে উঠেছে রিষড়ার পূর্ব ও পশ্চিম পাড়। আসলে পূর্ব রেলের হাওড়া বিভাগের রেল রিষড়াকে দুইভাগে ভাগ করেছে। সাধারণত হুগলি জেলার চন্দননগর বিখ্যাত জগদ্ধাত্রী পুজোর আরাধনায়। পিছিয়ে নেই হুগলির অন্যতম শিল্প শহর রিষড়া। চন্দননগরের পুজো শেষ হলেও রিষড়ার পুজো বা এখানকার জগদ্ধাত্রী উত্সব চলে বেশ কিছুদিন।

রিষড়ার অন্যতম এক পুজো রিষড়া পশ্চিম পাড়ের মোড়পুকুর বটতলা সার্বজনীন জগদ্ধাত্রী পুজো। মানব সভ্যতার বর্তমানের সবথেকে বড় সংকটকে ফুটিয়ে তুলে আপামর জনগণকে সচেতন করতে এই বছর এই পুজোর থিম অবারিত। আমাদের পৃথিবীতে মানব ও সমগ্র প্রাণীকূলের বেঁচে থাকার অন্যতম রসদ জলের স্তর ক্রমেই কমে আসছে। ক্রমাগত মানবের বসবাসের জন্য চছে যথেচ্ছ বৃক্ষছেদন। আর এর ফলাফল কী ভয়ংকর হতে পারে সেই বার্তা ফুটে উঠেছে মোড়পুকুরের এই পুজোয়।

রিষড়া পশ্চিমপাড়ের অন্যতম এক পুজো রিষড়া লক্ষ্মীপল্লী অধিবাসীবৃন্দের জগদ্ধাত্রী। এই বছর এই পুজোর মন্ডপ সজ্জায় এক টুকরো নাগাল্যান্ডকে প্রত্যক্ষ করতে পারছেন সকলে। নাগা উপজাতীদের শিকার উত্সবের ঝলক উঠে এসেছে এবারের লক্ষ্মীপল্লী অধিবাসীদের জগদ্ধাত্রী আরাধনায়। এখানকার জগদ্ধাত্রী মা সমধিক পরিচিত রিষড়ার গিন্নি মা হিসেবে।

রিষড়ার পশ্চিমপাড়ের অপর এক পুজো রিষড়া দাসপাড়া নিউ ভাই ভাই সংঘের জগদ্ধাত্রী পুজো। এই বছর এই পুজোর মন্ডপ সেজে উঠেছে মুক্ত বিহঙ্গ ভাবনায়। বন্যেরা বনে সুন্দর আর শিশুর মাতৃক্রোড়ে এই মন্ত্রে অনবদ্য সজ্জায় সেজে উঠেছে এই পুজোর এই বছরের মন্ডপ। সঙ্গে বাড়তি আকর্ষণ অতি অবশ্যই এখানকার মাতৃ প্রতিমা।

