জগদ্ধাত্রী পুজোয় এবার মেসি রিষড়ার বুকে

নিজস্ব সংবাদদাতা, হুগলি: হুগলি জেলার জগদ্ধাত্রী পুজোর ইতিহাসে প্রথম বছরেই বাজিমাত করতে চলেছে রিষড়ার রিষড়া বাঙ্গুর পল্লীর পুজো। রিষড়া শহরের  ঐতিহ্যমণ্ডিত জগদ্ধাত্রী পুজোর ইতিহাস বেশ প্রাচীন, আর এই সুপ্রাচীন পুজোর ইতিহাসে নবতম সংযোজন রিষড়া বাঙ্গুর পল্লীর পুজো। প্রথম বর্ষে এই পুজো প্রচারে ইতিমধ্যেই নিজেদের পরিচয় তুলে ধরেছে একথা বলাই বাহুল্য। রাজ্যের মধ্যে হুগলি জেলার রিষড়া জন্ম দিয়েছে ভারতবর্ষের বেশ কিছু স্বনামধন্য আন্তর্জাতিক মানের ফুটবলারদের। এই পুজোর অন্যতম প্রধান পৃষ্টপোষক এই শহরের ভূমিপুত্র আমাদের দেশের অন্যতম ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত। আর শতদ্রু দত্ত যে পুজোর সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত,সেই পুজোয় ফুটবলের ছোঁয়া থাকবে না এ ভাবাই বাতুলতা মাত্র। তাইতো রিষড়া বাঙ্গুর পল্লীর প্রথম বর্ষের দেবী হৈমবতীর আরাধনায় স্বশরীরে উপস্থিত না থাকলেও উপস্থিত থাকছেন বিশ্ব ফুটবলের অন্যতম নায়ক লিওনেল আন্দ্রেস মেসি।

তাঁদের এই পুজো প্রসঙ্গে এবং এই পুজোর থিম প্রসঙ্গে এই পুজোর অন্যতম থিমের জনক সন্দীপ মুখার্জী আমাদের জানালেন, যেহেতু আগামী ডিসেম্বরে ফুটবলের রাজপুত্র মেসি আসছেন কলকাতায়, তাই তাঁর প্রতি সম্মান জানিয়ে তাঁরা দেখাতে চাইছেন মেসি নিজে উপস্থিত থাকলে এই শহরের আপামর ফুটবলপ্রেমী মানুষের মনের যে প্রতিচ্ছবি ফুটে উঠবে সেটাকে। তাই তাঁদের থিমের নাম মেসিময়। বলাই যায় এই মূহুর্তে মেসি জ্বরে আক্রান্ত রিষড়াবাসী এই পুজোকে কেন্দ্র করে। পুজোর থিম তো নানা বিষয় নিয়েই হয় কিন্তু এইভাবে একজন কোনও বিশিষ্ট ব্যক্তিত্বকে শ্রদ্ধা ও সম্মান জানিয়ে তাঁকে উত্‍সর্গ করে পুজোর থিম এক অভিনব ভাবনা, এবং থিমের ক্ষেত্রে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করবে বলে সন্দীপবাবু আশা প্রকাশ করেন। এককথায় তিনি এই থিমকে থিমের চ্যালেঞ্জ বলেও আখ্যা দেন।

পুজো কমিটির অন্যতম সদস্য সৌরভ ব্যানার্জী বলেন, এই এলাকার ছোট ছোট ফুটবলারদের ভালোভাবে ফুটবলের প্রতি আকৃষ্ট করার জন্য নানা কার্যকলাপ রাখছেন। যেহেতু মেসি এমন এক ব্যক্তিত্ব যাঁর ফুটবল জীবন আগামীর ফুটবলারদের ফুটবলের প্রতি আরও বেশি করে আকর্ষিত করবে বলেই তাঁরা মনে করেন। তিনি বলেন তাঁরা তাঁদের প্রথম বর্ষের পুজোয় বিশ্বসেরা ফুটবলার মেসিকে নানা রাজকীয় রূপে তুলে ধরছেন তাঁদের পুজো মন্ডপে। এর সঙ্গে সঙ্গে মেসি ও রিষড়ার মধ্যে একটা সম্পৃক্ততা তুলে ধরতেও তাঁরা বদ্ধপরিকর। প্রথম বর্ষের ইতিহাস সৃষ্টি করতে চলা রিষড়া বাঙ্গুর পল্লীর জগদ্ধাত্রী পুজোর প্রতিমা নির্মাণ করছেন পদ্মশ্রী সনাতন রুদ্র পাল, মেসিময় ভাবনাকে রূপদান করে মন্ডপে ফুটিয়ে তোলার দায়িত্বে রয়েছেন মুখার্জী দম্পতি সন্দীপ ও তপতী ও সভাপতি রিষড়া পৌরসভার পৌরপ্রধান বিজয় সাগর মিশ্র এবং অন্যতম প্রধান মিডিয়া সহযোগী হিসেবে রয়েছে সংবাদ প্রতিখন।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading