অবৈধ বাংলাদেশীদের বাড়িতে আশ্রয় দেওয়ায় পুলিশের জালে বাড়ির মালিক ও ৪ বাংলাদেশী

নিজস্ব সংবাদদাতা, বসিরহাট: অবৈধ বাংলাদেশীদের বাড়িতে আশ্রয় দেওয়ার অভিযোগে ৪ বাংলাদেশি সহ বাড়ির মালিক গ্রেফতার। বসিরহাটের হিঙ্গলগঞ্জ থানার সাণ্ডেলেরবিল গ্রাম পঞ্চায়েতের বাঁকড়া গোবরের বাসিন্দা রবীন্দ্রনাথ মন্ডলের বাড়িতে ৪ জন বাংলাদেশী বসবাস করছিল। সেই খবর গোপন সূত্রে হিঙ্গলগঞ্জ থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক সন্দীপ সরকারের কাছে গেলে সঙ্গে সঙ্গে সেই বাড়িতে পুলিশ গিয়ে জানতে পারে চারজন বাংলাদেশীকে অবৈধভাবে নিজের বাড়িতে থাকার জায়গা দিয়েছে বাড়ির মালিক রবীন্দ্রনাথ মণ্ডল।

জিজ্ঞাসাবাদ করার পর ঐ বাংলাদেশীরা ভারতে আসার কোনো বৈধ নথিপত্র দেখাতে না পারায় তাদেরকে গ্রেফতার করা হয়। বাড়ির মালিককেও গ্রেফতার করে পুলিশ। অভিযুক্ত বাংলাদেশীদের নাম বদরুজ্জামান শেখ, শেখ শাহীন আলম, রবিউল গাজী ও মহম্মদ সজীব গাজী। তারা সকলেই বাংলাদেশের সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানা এলাকার বাসিন্দা। ঐ ভারতীয় নাগরিক সহ পাঁচজনকে শুক্রবার বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশ থেকে কালিন্দী নদী পার হয়ে সুন্দরবনের জঙ্গলের ভিতর দিয়ে এই বাঁকড়া এলাকায় আস্তানা গেড়েছিল এই বাংলাদেশীরা।

 

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading