
আত্রেয়ী দো: মিষ্টি প্রেমী বাঙালির পাতে এখন কাস্টার্ড খুব চেনা একটি পদ। তবে জানেন কি, ডিম আর দুধের এই নরম তুলতুলে মিষ্টান্নটির যাত্রা শুরু হয়েছে আজ থেকে প্রায় দুই হাজার বছর আগে, রোমান সাম্রাজ্যে। এই গরমে ঠান্ডা এক বাটি কাস্টার্ড নিয়ে বসে চলুন জেনে নিই কাস্টার্ডের কিছু জানা অজানা তথ্য।
প্রাচীন রোমে দুধ, ডিম আর মধু একসাথে মিশিয়ে হালকা আঁচে জ্বাল দিয়ে তৈরি হতো একটি পুষ্টিকর, মোলায়েম ও আরামদায়ক খাবার। যদিও “কাস্টার্ড” নামটি তখন ব্যবহৃত হতো না, কিন্তু সেই মিশ্রণই পরবর্তীতে নানা রূপে জনপ্রিয় হয়ে ওঠে।

ইউরোপে কাস্টার্ডের বিকাশ
১৩শ থেকে ১৫শ শতাব্দীতে ইউরোপে কাস্টার্ড ছিল মূলত ঝাল স্বাদের টার্ট। “Custard” শব্দটি এসেছে ফরাসি ‘croustade’ থেকে, যার অর্থ ক্রাস্ট বা খামে মোড়া খাবার বা বলা চলে ক্রাস্টসহ পিঠে। তখন কাস্টার্ড ছিল ডিম মিশ্রিত একটি খাবার যা সাধারণত মাংস বা মাছের টার্টের মধ্যে ভরা হতো।
পরবর্তীতে এই ঝাল কাস্টার্ড রূপ বদলে পায় মিষ্টির ছোঁয়া। এতে যোগ হয় চিনি, দারচিনি, গোলাপজল, জায়ফল, এবং ধীরে ধীরে তৈরি হয় আজকের পরিচিত এই ডেজার্টটি।

ফ্রান্স ও ইংল্যান্ডে রাজকীয় রূপ
রেনেসাঁ যুগে ফ্রান্সে কাস্টার্ড হয়ে ওঠে রাজপ্রাসাদের রসনার অন্যতম অঙ্গ। তৈরি হয় ক্রীম ব্রুলে, ক্রীম ক্যারামেল এবং পেস্ট্রি ক্রিম, যা আজও বহু ডেজার্টের ভিত্তি। সেই সময় হালকা আঁচে বা water bath পদ্ধতিতে রান্না করে এর মোলায়েম গঠন ধরে রাখা হতো ইংল্যান্ডে কাস্টার্ড পরিণত হয় pouring sauce-এ, যেটিকে কেক বা পুডিং-এর সঙ্গে পরিবেশন করা হত। পরবর্তীকালে এর নামই হয়ে যায় Crème Anglaise বা “ইংরেজি ক্রিম”।

কাস্টার্ড পাউডার ও সহজলভ্যতা
১৮৩৭ সালে ব্রিটিশ রসায়নবিদ আলফ্রেড বার্ড, তাঁর স্ত্রীর ডিমে অ্যালার্জি থাকার জন্য ডিম বিহীন কাস্টার্ড পাউডার উদ্ভাবন করেন। এরপর থেকেই কাস্টার্ড বানানো আরও সহজ হয়ে যায়, বিশেষ করে সাধারণ ঘরোয়া রান্নায়। সাধারণ মানুষরাও সহজে বাড়িতে কাস্টার্ড তৈরি করতে শুরু করেন। ব্রিটিশ আমলে, ভারতে কাস্টার্ডের আবির্ভাব হয়। ফল, দুধ ও পাউডার মিশিয়ে বাঙালির রান্নাঘরে জায়গা করে নেয় মিষ্টি ,মোলায়েম ও হালকা এই ডেজার্টটি।

আজকের কাস্টার্ড: বিশ্বজুড়ে বিভিন্ন রূপ
বর্তমানে কাস্টার্ডের নানারকম বৈচিত্র্য রয়েছে:
বেকড কাস্টার্ড (যেমন: ফ্লান, এগ টার্ট),
ক্রীম সস (pouring custard),
ফ্রোজেন কাস্টার্ড (বিশেষত আমেরিকায় জনপ্রিয়),
ভারতে তৈরি ফল-মিশ্রিত কাস্টার্ড, যা কাস্টার্ড পাউডার, দুধ, চিনি ও বিভিন্ন ফল দিয়ে বানানো হয়।
ডিম আর দুধের এই সাদামাটা জুটি, যুগে যুগে রাজা-প্রজা সবার পাতে স্থান করে নিয়েছে—কখনো মিষ্টি সস, কখনো রাজকীয় ডেজার্ট, আবার কখনো সাধারণ ফলের কাস্টার্ড। হাজার বছরের এই যাত্রায় কাস্টার্ড রাজাদের প্রাসাদ থেকে সাধারণ মানুষের রান্নাঘর পর্যন্ত এসেছে, এবং আজও তা ঘরোয়া সন্ধ্যার ডেজার্ট থেকে শুরু করে রেস্তোরাঁর প্লেট—সবখানেই সমান জনপ্রিয়।
একটি সহজ উপকরণে এমন বৈচিত্র্যপূর্ণ ইতিহাস – কাস্টার্ড যেন মিষ্টির দুনিয়ার এক নীরব অভিযান।
