
অভিজিৎ হাজরা, হাওড়া: বর্তমান সময়ে কিভাবে শিশুদের মোবাইলের আসক্তি থেকে মুক্ত করা যায়, কিভাবে এই সকল তরলমতি শিশুদের ভাবনাকে বিকশিত করা যায় এবং তাদের শিক্ষাকে আরও আনন্দদায়ক করা যায় এই নিয়েই এক অভিনব কর্মশালা অনুষ্ঠিত হয়ে গেল। হাওড়া জেলার উলুবেড়িয়া দক্ষিণ চক্রের অবর বিদ্যালয় পরিদর্শকের উদ্যোগে দুই দিন ব্যাপী এই কর্মশালায় উলুবেড়িয়া দক্ষিণ চক্রের ৬১ টি ও উত্তর চক্রের ৮ টি বিদ্যালয়ের একজন করে শিক্ষক-শিক্ষিকা অংশ নেন।

হাতের কাছের ফেলে দেওয়া জিনিস সব্জি, টুথব্রাশ, মাটিরপাত্র, স্ট্র, ডিমের খোসা, ডিমের ট্রে, ছেঁড়া কাপড়, কাগজের বোর্ড ইত্যাদি দিয়ে শিশুরা কিভাবে নানা প্রয়োজনীয়ও উপাদান বানাতে পর্বে সেই বিষয়ে এই কর্মশালায় আলোকপাত করা হয়। এর সঙ্গে সঙ্গে প্লাস্টিকের ব্যবহার কমিয়ে পরিবেশকে বাঁচাতে ফেলে দেওয়া প্লাস্টিক থেকে নানান উপকরন বানানবো হয় সেই বিষয়ের ওপর আলোকপাত করা হয়। এই কর্মশালা প্রসঙ্গে উলুবেড়িয়া ১ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক এইচ এম রিয়াজুল হক বলেন, এই ধরনের কর্মশালা শিশুদের আনন্দ উদ্দীপনার সাথে শিক্ষা গ্রহনে আগ্রহী করে তুলবে।যার ফলে শিশুমনের বিকাশ সাধনের সাথে সাথে দায়িত্বশীল নাগরিক গড়ে তুলতে সহায়ক হবে। দুই দিনের এই কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, সুদীপ্ত শ্যাম চৌধুরী, নীলাঞ্জনা দত্ত, সম্রাট ধাড়া, সমষ্টি উন্নয়ন আধিকারিক এইচ এম রিয়াজুল হক, হরিপদ জানা, সেহেন্দু সামুই, মিত্রা জানা মাইতি ও অনুভা মন্ডল।
