আত্রেয়ী দো:

তালগাছ এক পায়ে দাঁড়িয়ে
সব গাছ ছাড়িয়ে
উঁকি মারে আকাশে।
মনে সাধ, কালো মেঘ ফুঁড়ে যায়
একেবারে উড়ে যায়;
কোথা পাবে পাখা সে?
ছোটবেলা থেকেই আমরা সকলেই পরিচিত কবিগুরুর এই কবিতাটির সঙ্গে। আর এই কবিতার মূল চরিত্র অর্থাত্ তালগাছ বা তাল গাছের ফল কতটা উপকারী বা আমাদের কাজে লাগে আসুন দেখে নেওয়া যাক।
বাংলার গ্রীষ্মকাল যতই তীব্র হোক, প্রকৃতি যেন প্রতিবারই তার উত্তাপ উপশমের জন্য কিছু না কিছু পাঠিয়ে দেয়। তালশাঁস ঠিক তেমনি এক মৌসুমী শান্তিদূত, যা গ্রীষ্মের খরতাপে শীতলতার চাদর বিছিয়ে দেয় বাংলার হৃদয়ে।
তালগাছ বাংলার প্রকৃতির এমন এক নিবেদিতপ্রাণ রক্ষক, যাকে পেরিয়ে কখনও গ্রামের দৃশ্যপট সম্পূর্ণ হয় না। তালগাছই গ্রীষ্মে আমাদের উপহার দেয় তার দেহের গভীরে লুকিয়ে রাখা এক রত্ন—তালশাঁস।
তালশাঁস—স্বচ্ছ, কোমল, জেলির মতো এক শাঁস, যা গাছের ফলের ভিতরে থাকে তিনটি ভাগে বিভক্ত। হালকা মিষ্টি স্বাদ আর দুধের মতো কোমলতা নিয়ে এই শাঁস মুখে দিলেই যেন এক অদ্ভুত প্রশান্তি নেমে আসে। গরম দুপুরে তালশাঁস খাওয়া যেন শরীর নয়, আত্মাকেও ঠান্ডা করে। তাহলে, একটুকরো তালশাঁস মুখে পুরে চলুন জেনে নিই তালশাঁসের কিছু জানা অজানা কথা।

প্রাচীন ইতিহাস ও সাংস্কৃতিক গুরুত্ব
তালগাছ দক্ষিণ পূর্ব এশিয়াতে অন্যতম প্রধান গাছ হিদেবে বিবেচিত হয়।আমাদের দেশেও তালগাছ বিশেষ ভূমিকা নেয়। ভারতের দক্ষিণাঞ্চলে বিশেষ করে তামিলনাড়ুতে এই গাছকে স্বর্গীয় বৃক্ষ বা কল্পবৃক্ষ বলে আখ্যা দেওয়া হয়। তালগাছের পাতা প্রাচীন ভারতে পুঁথি লেখার জন্য ব্যবহৃত হতো। এছাড়া, তালগাছের কাঠ নির্মাণ কাজে, পাতা ছাউনি ও পাখা তৈরিতে, এবং ফল খাদ্য ও পানীয় প্রস্তুতিতে ব্যবহৃত হয়।

খাদ্য ও পুষ্টিগুণ
গরমকালে মানবদেহকে ঠান্ডা রাখতে বিশেষ সাহায্য করে তালশাঁস। তালশাঁসে থাক এ, বি, সি ভিটামিন ও জিঙ্ক, পটাশিয়াম, ক্যালসিয়াম এবং লোহা থাকার কারণে শরীরের পক্ষে তালশাঁস খুবই উপকারী। উল্লেখ করা যায় তালের রস থেকে তৈরি হওয়া গুড়, ও নানা খাবার খুবইই সুস্বাদু।তালগাছের রস থেকে প্রস্তুত “নীরা” একটি জনপ্রিয় পানীয়, যা প্রাকৃতিকভাবে মিষ্টি এবং পুষ্টিকর। এই রস কিছু সময় পর স্বাভাবিকভাবে ফারমেন্ট হয়ে “তাড়ি” নামক এক ধরনের মৃদু অ্যালকোহলিক পানীয়ে পরিণত হয়।

লোকসংস্কৃতি ও সাহিত্যে তাল
বাংলা সাহিত্যে তালগাছের উল্লেখ বহুবার পাওয়া যায়। রবীন্দ্রনাথ ঠাকুরের শিশুতোষ কবিতা “তালগাছ এক পায়ে দাঁড়িয়ে” তালগাছের একটি চিত্রময় বর্ণনা। এছাড়া, তালগাছ ও তালশাঁস বাংলার লোকগান, পল্লীগীতি ও বাউল গানে স্থান পেয়েছে। তালগাছের ছায়ায় বসে গল্প বলা, পিঠা তৈরি, এবং তালফল সংগ্রহ গ্রামীণ জীবনের এক অংশ ছিল।

অর্থনৈতিক গুরুত্ব ও বর্তমান অবস্থা
তালগাছ গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর রস থেকে তৈরি তাল গুড় ও নীরা স্থানীয় বাজারে বিক্রি হয়। তালগাছের পাতা ও কাঠ বিভিন্ন হস্তশিল্পে ব্যবহৃত হয়। তবে, আধুনিক সময়ে তালগাছের সংখ্যা কমে যাচ্ছে এবং এর সঙ্গে জড়িত অনেক পেশা বিলুপ্তির পথে। তালগাছের সংরক্ষণ ও এর পণ্যগুলোর বাজারজাতকরণে সরকারি ও বেসরকারি উদ্যোগের প্রয়োজন।
তালশাঁস বাংলার গ্রীষ্মকালীন ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। এর ইতিহাস, পুষ্টিগুণ, সাংস্কৃতিক ও অর্থনৈতিক গুরুত্ব অপরিসীম। তালগাছ ও তালশাঁসের সংরক্ষণ ও প্রচারে আমাদের সক্রিয় ভূমিকা পালন করা উচিত, যাতে ভবিষ্যৎ প্রজন্মও এই ঐতিহ্যের স্বাদ ও সৌন্দর্য উপভোগ করতে পারে।
