
নিজস্ব সংবাদদাতা: রমজান মাসের ২১ তম রোজার পুণ্যলগ্নে হুগলি জেলার পাণ্ডুয়া ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং তৃণমূল নেতা সঞ্জয় ঘোষের ব্যবস্থাপনায় গত ২২ মার্চ বিকাল ৫ টায় স্থানীয় শশিভুষণ সাহা উচ্চ বিদ্যালয়ে সর্ব ধর্মের প্রায় ৩০০০ মানুষকে নিয়ে অনুষ্ঠিত হল দাওয়াত এ ইফতারের অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না, বিধায়িকা ডাঃ রত্না দে নাগ, অসিত চ্যাটার্জী, পঞ্চায়েত সমিতির সভাপতি ময়না মাঝি, প্রধান-উপপ্রধান গণ, কর্মাধ্যক্ষ গণ।

ইফতার ও ইফতারের পর নামাজ পরিচালনা করেন ইমাম মুবারক সাহেব। তিনি বলেন, রমজান মাস -আল্লা রহমতের মাস, মুক্তির মাস। এই মাসে সকল মুসলিম ভাইরা আল্লার কাছে নিজেদের শুদ্ধ করার প্রার্থনা করেন। তিনি সকলের কাছে আবেদন রাখেন সকলে মিলে এক হয়ে সংহতির পরিবেশ বজায় রেখে খুশির ঈদ পালনের। ইমাম সাহেব এই সুবৃহত্ ইফতারের ব্যবস্থা করার জন্য স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা সঞ্জয় ঘোষের ভূয়সী প্রশংসা করে বলেন একজন কর্মী হিসেবে সঞ্জয় বাবু সর্বদা চেষ্টা করেন সমাজের সকল স্তরের মানুষ যেন ভাল থাকেন, সুস্থ থাকেন।

রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না পাণ্ডুয়ার বুকে এইভাবে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেবার জন্য সকলকে অভিনন্দন জানান।তিনি বলেন রোজা সার্থক হোক, আল্লা সকলের মনস্কামনা যেন পূরণ করেন। রমজান মাসকে শ্রদ্ধার মাস উল্লেখ করে তিনি সংখ্যালঘু ভাইদের উদ্দেশ্যে বলেন, এই মাসে আপনারা যে রোজা রাখেন সেটা দৃষ্টান্ত। কারণ হিসেবে তিনি বলেন সংখ্যালঘু ভাইয়েরা এই মাসে ত্যাগ, ধৈর্য, তিতিক্ষার অপরূপ নিদর্শন তুলে ধরেন বিশ্ববাসীর কাছে। সংখ্যালঘু সম্প্রদায় ইফতারের পর যে নামাজ পড়ে সেই বিষয়ে রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না বলেন এই নামাজ সাম্যের এক অনন্য উদাহরণ। তিনি সকলকে খুশির ঈদে সকলকে শুভেচ্ছা জানান। তিনি আরও বলেন এই রাজ্যে দাঙ্গা লাগাবার চেষ্টা করছে বিজেপি ও আর এস এস। এর বিরুদ্ধে তিনি সকলকে এক হতে আহ্বান জানান।

যাঁর প্রচেষ্টায় ও মূল ব্যবস্থাপনায় এই ইফতারের আয়োজন, সেই সঞ্জয় ঘোষ বলেন, তিনি সর্বদা দলমত নির্বিশেষে সকল ধর্মের মানুষের পাশে তাঁদের বিপদে-আপদে থাকার চেষ্টা করেন। তিনি বলেন এইভাবেই তিনি মানুষের সেবক করে যেতে চান আজীবন। তিনি বলেন, মানুষের পাশে সর্বদা থেকে সর্ব ধর্ম সমন্বয় রেখে এই কাজ তিনি আজীবন করে যেতে চান।

