
নিজস্ব সংবাদদাতা, হুগলি: রিষড়ার আসন্ন জগদ্ধাত্রী পুজো ও শোভাযাত্রা সম্পর্কে রিষড়া রবীন্দ্র ভবনে রিষড়া থানার ব্যবস্থাপনায় চন্দননগর পুলিশ কমিশনারেটের আয়োজনে অনুষ্ঠিত হলো এক সমন্বয় সভা।
সভায় উপস্থিত ছিলেন চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগী, ডিসিপি চন্দননগর, ডিসিপি শ্রীরামপুর, শ্রীরামপুরের ট্রাফিক আধিকারিক, রিষড়ার সিআই প্রবীর দত্ত, রিষড়া থানার অফিসার ইনচার্জ সঞ্জয় সরকার, হুগলি জেলা পরিষদের সদস্য নিখিল চক্রবর্তী, অগ্নি নির্বাহক আধিকারিক, সিইএসসির আধিকারিক, wbsedcl এর রিষড়া শাখার প্রধান আধিকারিক, রিষড়া পৌরসভার পৌরপ্রধান বিজয় সাগর মিশ্র, উপ পৌরপ্রধান জাহিদ হাসান খান, রিষড়া গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান মহম্মদ সাহাদাত হোসেন, জিআরপি ও রেল পুলিশের আধিকারিকগন সহ রিষড়া জগদ্ধাত্রী পুজো সেন্ট্রাল কমিটির পক্ষে রিষড়ার পৌরসদস্য অভিজিত্ দাস, রিষড়া পৌরসভার সকল পৌরসদস্যগণ এবং রিষড়ার সকল পুজো কমিটির সদস্যগণ।

সভায় রিষড়ার জগদ্ধাত্রী পুজোকে সুচারু রূপে ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করতে বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন উপস্থিত সকলে। রিষড়া থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ সঞ্জয় সরকার, পুজো কমিটিগুলিকে পুজোর মন্ডপ, প্রতিমা এবং নিরঞ্জনের বিশেষ কিছু বিষয়ে আলোকপাত করে সকলের কাছে আবেদন করেন এবং রিষড়ার এই উত্সবকে সার্থক করে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন।

এদিন চন্দননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে ২০২৩ সালের রিষড়ার সেরার সেরা জগদ্ধাত্রী পুজো কমিটিগুলিকে পুরস্কৃত করা হয় এর সঙ্গে এই বছরের দুর্গাপুজোর সেরা পুজো কমিটিগুলির হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
এই বিষয়ে চন্দননগর পুলিশ কমিশনারেটের কমিশনার অমিত পি জাভালগী জানালেন রিষড়া শহরের ঐতিহ্যমণ্ডিত এই জগদ্ধাত্রী পুজোকে সুচারুরুপে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সকল রকম সুরক্ষার ব্যবস্থা করা হয়েছে। রিষড়া পৌরসভার পৌরপ্রধান বিজয় সাগর মিশ্র বলেন বিশ্বের মধ্যে দ্বিতীয় বৃহত্তম জগদ্ধাত্রী পুজো মিনি ভারত খ্যাত রিষড়ার অন্যতম এক আকর্ষণ। তিনি বলেন রিষড়া পৌরসভা পুজোর দিনগুলোতে পৌর এলাকাকে পরিচ্ছন রাখতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করছে, এর সঙ্গে তিনি জানান, নিরঞ্জনের দিন প্রতি বছরের মতো এই বছরও গঙ্গার ঘাটগুলোতে অভিজ্ঞতা সম্পন্ন কুলি রাখা হচ্ছে।
