
কিশলয় মুখোপাধ্যায়: ইটস রেইনিং ক্যাট অ্যাণ্ড ডগস’ ছোটবেলায় মুসলধারায় বৃষ্টির ইংরেজি লিখতে গিয়ে আমরা সবাই এই ‘ফ্রেজ’ টা শিখেছিলাম। এই রকম বজ্রবিদ্যুৎসহ প্রবল বৃষ্টির মধ্যেও সংবাদ প্রতিখন ‘বই প্রকাশ ও শারদ সংখ্যা’ অনুষ্ঠান করার সাহস দেখিয়েছে। আর এই সাহসের শক্তির উৎস হল সংবাদ প্রতিখনের পাঠকগণ। সমগ্র অনুষ্ঠানটি এবারই প্রথম ফেসবুক লাইভ এ প্রচার করা হল। প্রচার পরিচালনা করলেন দিপান্বীতা দাস। সংবাদ প্রতিখনের সম্পাদক স্বরূপম চক্রবর্তীর স্বাগত ভাষনে অনুষ্ঠানের সূচনা হয়। উদ্বোধনী সংগীত নয় উদ্বোধনী কবিতার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। কবিতা পাঠ করলেন বর্ষিয়ান সাহিত্যিক সুনীতি কুমার বন্দ্যোপাধ্যায়। এই গুণী মানুষটির বাড়িতেই বসেছিল এই প্রাক শারদীয়া আড্ডা।

সংবাদ প্রতিখনের প্রকাশনা থেকে তিনটি বই প্রকাশ হল। জীবন্ত জীবাশ্ম, লিখেছেন সুনীতি কুমার বন্দ্যোপাধ্যায়। বইটির অনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করেন কবি ও লেখক দীপক বসু। আর সুমিত দাঁ’র রচিত দুটি বই প্রতিবিম্ব ও ডন স্মিথের শেষ চিঠি। এই বই দুটির মোড়ক উন্মোচন করেন সংগীতকার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব জয়ন্ত পাঠক। এ ছাড়া দীপক বসু, সুনীতি কুমার বন্দ্যোপাধ্যায়, সুমিত দাঁ, জয়ন্ত পাঠক, প্রিয়রঞ্জন সরকার ও সংবাদ প্রতিখনের সম্পাদক স্বরূপম চক্রবর্তীর হাত দিয়ে এদিন প্রকাশিত হয় সংবাদ প্রতিখনের শারদ সাহিত্য সংখ্যা-১৪৩১।

অনুষ্ঠানের মাঝে সঙ্গীত পরিবেশন করেন রত্না মুখোপাধ্যায়। স্বরচিত কবিতা পাঠ করলেন দীপংকর বন্দ্যোপাধ্যায়, সুনীতি কুমার বন্দ্যোপাধ্যায়, সুমিত দাঁ ও স্বরূপম চক্রবর্তী। বর্ষণসিক্ত এই সান্ধ্য অনুষ্ঠানে বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্ল্যাগম্যান অফ ইন্ডিয়া নামে খ্যাত প্রিয়রঞ্জন সরকার। সংবাদ প্রতিখনের পক্ষ থেকে এদিন যাঁদের বই প্রকাশ হয় সেই দুই গুণী মানুষকে সম্মাননা স্মারক ও প্রীতি উপহার তুলে দেন সংবাদ প্রতিখনের কারিগরী সম্পাদিকা দিপান্বীতা দাস।

সংগীতকার এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব জয়ন্ত পাঠকের সাবলীল ও সুন্দর বক্তব্য ভরিয়ে তুলেছিল এদিনের বৃষ্টি ভেজা সান্ধ্য প্রাক শারদীয়া আড্ডায় উপস্থিত সকলকে। অনুষ্ঠানের সমাপ্তি ভাষণে সংবাদ প্রতিখনের সম্পাদক আগামী কর্মসূচী উল্লেখ করলেন। সবাইকে ধন্যবাদ জানালেন।

বর্ষীয়ান সাংবাদিক সুমিত দাঁ এই অনুষ্ঠান নিয়ে যথার্থ বলেছেন অনুষ্ঠানের ফেসবুক লাইভ কমেন্ট সেকশনে। মানুষ দুর্যোগকেও জয় করতে পারে, এই অনুষ্ঠানটি তারই এক নমুনা।
