
নিজস্ব সংবাদদাতা, হুগলি: বাংলার সুপ্রাচীন শিল্প কলা গুলির মধ্যে অন্যতম প্রধান যে শাখাটি সেটি হল যাত্রা। একটা সময় এই বাংলার মানুষের অন্যতম বিনোদন ছিল এই যাত্রা পাল। আজও এই যাত্রার সঙ্গে সংপৃক্ত হয়ে আছেন বহু মানুষ। এঁদের মধ্যে যেমন আছেন পেশাদার যাত্রাভিনেতা তেমনি আবার আজকাল রূপালী পর্দার নায়ক-নায়িকারা ও এগিয়ে এসেছেন এই শিল্পে নিজেদের অভিনয় দক্ষতার প্রকাশে। তবে এরই মধে আজও এমন কিছু মানুষ আছেন যাঁরা শুধুমাত্র এই শিল্পকে ভালোবেসে সারা রাজ্যের নানা প্রান্তে সাধারণ মানুষদের বিনোদন করাতে বদ্ধপরিকর।

এই মানুষগুলি কিন্তু পুরোপুরিই অপেশাদার অভিনেতা-অভিনেত্রী। ঠাকুর রামকৃষ্ণের বাণীকে পাথেয় করে আজও গ্রাম বাংলার কোণে কোণে বাংলার এই প্রাচীন লোকশিল্পের রথকে এগিয়ে নিয়ে চলেছেন। এমনিই হুগলি জেলার একদল অপেশাদার যাত্রা অভিনেতা-অভিনেত্রীরা কোনও এক সময়ে নিজের একত্রিত হয়ে একটি সংগঠনের প্রাসঙ্গিকতা অনুভব করে ২০২০ সালে তৈরি করে ফেলেছিলেন হুগলি জেলা অপেশাদার যাত্রাশিল্পী অ্যাসোসিয়েশন।

এই অ্যাসোসিয়েশনের চতুর্থ সাধারণ সভা অনুষ্ঠিত হয়ে গেল গতকাল ২২ সেপ্টেম্বর ওই জেলারই চন্দননগর খলিশানি বিদ্যামন্দিরে। এই উপলক্ষে উপস্থিত ছিলেন এই অ্যাসোসিয়েশনের একঝাঁক যাত্রাঅভিনেতা-অভিনেত্রী। উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সভাপতি দূর্গা দাস, সম্পাদিকা শুভা মুখার্জি, কোষাধ্যক্ষ মনোজ কুমার দাস।

