
কিশলয় মুখোপাধ্যায়, হুগলি: স্কুলের ক্লাস ঘর, বিদ্যার্থীরা বই খুলে পড়ছে। আর অন্যদিকে একটি লাইব্রেরি, যেখানে সারি সারি বই। আর বাঙালির প্রিয় মেলার মধ্যে রয়েছে বইমেলা। যে মেলায় থাকে বই আর বই।আচ্ছা যদি একটি বিদ্যালয় ও একটি পাঠাগার যৌথ উদ্যোগে আয়োজন করে একটি বইমেলা তাহলে কেমন হয়?
গুড়াপ রমনীকান্ত ইনিস্টিউটসন ও গুড়াপ সুরেন্দ্র স্মৃতি পাঠাগারের যৌথ উদ্যোগে রমনীকান্ত বিদ্যায়তন প্রাঙ্গনে হচ্ছে বইমেলা।
১৯ জুন থেকে ২২ জুন এই চারদিন ব্যাপী বইমেলার শুভ উদ্বোধন হল গত ১৯ জুন দুপুর বেলা। আর বিকালে এক সাহিত্যবাসর অনুষ্ঠানের আয়োজন করা হয়। বইমেলা খোলা থাকছে দুপুর ১২টা থেকে সন্ধে ৭টা পর্যন্ত।
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান ডঃ সুরঞ্জন মিদ্দে ঘণ্টা বাজিয়ে এই মেলার শুভ উদ্বোধন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাহিত্যিক আব্দুল মান্নান, গুড়াপ সার্কেলের অবর বিদ্যালয় পরিদর্শক গৌরব মিশ্র, গুড়াপ সুরেন্দ্র স্মৃতি পাঠাগারের লাইব্রেরিয়ান তথা বিশিষ্ট সাহিত্যিক জারিফুল হক, গুড়াপ রমনীকান্ত ইনিস্টিউটসনের প্রধান শিক্ষক মোহিতোষ চন্দ সহ অনান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

‘ সবারে করি আহ্বান’ বিদ্যালয়ের ছাত্রী স্নেহা ঘোষালের উদ্ধোধনী সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। স্বাগত ভাষণ দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিতোষ চন্দ।
প্রধান অতিথি অধ্যাপক সুরঞ্জন বাবু বললেন বিদ্যালয়ের উজ্জ্বল দৃষ্টির ছাত্র ছাত্রীরাই এই মেলার ফসল। তিনি বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশকদের অনুরোধ করেন যেন তারা যতটা বেশি সম্ভব ছাড় দিয়ে বই বিক্রির ব্যবস্থা করেন। যাতে ছাত্র ছাত্রীরা বই কিনতে পারে।
অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন এই বিদ্যালয়েরই ছাত্রী রাজন্যা ঘোষ।
বিশিষ্ট সাহিত্যিক আব্দুল মান্নান বললেন, ক্রিকেটের মক্কা লর্ডসের মতোই মেধা ও বৌদ্ধিক চেতনার মক্কা হল বইমেলা। তিনি আরও বলেন, ক্লাসের পড়াশোনার পাশাপাশি রোজ একটু একটু বাংলা গল্প কবিতা পড়া অভ্যাস করতে হবে।
আরও পড়ুন: বর্তমান সময়ে কতটা প্রাসঙ্গিক কবিগুরু

পাঠাগারের লাইব্রেরিয়ান তথা বিশিষ্ট সাহিত্যিক জারিফুল হক ছাত্রছাত্রীদের পাঠাগার মুখি হওয়ার পরামর্শ দেন। তিনি এই মোবাইল চালিত দুনিয়ায় অনলাইনে বই কিনতে উৎসাহিত করেন। আর বললেন ই বুক এখনও বইয়ের বিকল্প নয়। বইই হোক ছাত্রছাত্রীদের বন্ধু।
অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন সাদিয়া সুলতানা ও বিদ্যার্থী বিশ্বাস। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের শিক্ষিকা জয়শ্রী ধোলে। বিকালে বৈকালিক সাহিত্যবাসরে একঝাঁক সাহিত্যিক আর কবিদের উপস্থিতিতে আসরটি জমজমাট হয়ে ওঠে।
উপস্থিত ছিলেন প্রখ্যাত সাংবাদিক নৌশাদ মল্লিক, স্বপন কুমার হালদার, শেখ সিরাজ, সুফি রফিক উল ইসলাম, বন্দনা মালিক, শুভ্রা ঘোষ দে, সুব্রত মিত্র রানা সহ আরোও সাহিত্যিক ও কবি। এই অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গুড়াপ সুরেন্দ্র স্মৃতি পাঠাগারের লাইব্রেরিয়ান জারিফুল হক।

গুড়াপ রমনীকান্ত ইনিস্টিউটসনের প্রধান শিক্ষক মহিতোষ চন্দ সংবাদ প্রতিখনকে একান্ত সাক্ষাতকারে জানালেন এই বইমেলার গুরুত্ব। তিনি বলেন তাঁরা চেষ্টা করবেন প্রতি বছর এই বইমেলা অনুষ্ঠিত করতে।
গুড়াপের অন্যতম ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান এই বিদ্যালয় আর পাঠাগার। বহু মানুষকে জ্ঞানের আলো দেখিয়েছে, দেখাচ্ছে আর ভবিষ্যতেও দেখাবে। আশা করা যায় এই বইমেলা প্রতি বছর হবে। কারণ এটা দরকার, প্রয়োজন।

