
নিজস্ব সংবাদদাতা: বসন্তের প্রধান উত্সব রঙের উত্সব দোল উত্সব। যে উত্সব বসন্ত, প্রেম এবং রঙের উৎসব নামেও পরিচিত। সারা দেশ জুড়ে আপামর জনগণ মেতে ওঠেন রঙের উত্সবে সামিল হয়ে নিজেকে রাঙিয়ে নিতে। এর সঙ্গে সঙ্গে নানা স্থানে বসন্তের আগমনকে কেন্দ্র করে ও দোলের মুহূর্ত কে স্মরণীয় করে রাখতে অনুষ্ঠিত হয় নানা সাংস্কৃতিক কর্মকাণ্ডের। দোল উত্সবকে কেন্দ্র করে এমনিই এক সাংস্কৃতিক কর্মকাণ্ডে মেতে উঠেছিল মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর। এককথায় যে উত্সবকে বলা যেতে পারে জঙ্গিপুর দোল উৎসব।

অবয়ব কলাকেন্দ্রের সুচারু ব্যবস্থাপনায় কলাকেন্দ্রের ছাত্র-ছাত্রীরা তাঁদের নৃত্য সঙ্গীত এবং আবৃত্তি সহযোগে জঙ্গিপুরের বিভিন্ন পথ পরিক্রমা করে তাঁদের সাংস্কৃতিক ধারাকে সঙ্গী করে। এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কবি অশোক মুখোপাধ্যায়। তিনি বলেন বাঙালির ক্ষয়িষ্ণু ভাষাকে বাঁচিয়ে রাখার জন্য এই ধরণের অনুষ্ঠান আরও বেশি বেশি দরকার। অবয়ব কলাকেন্দ্রের কর্ণধার নৃত্যশিল্পী পিয়ালি বণিক বলেন, কলকাতা থেকে এতটা দূরে সাংস্কৃতিক কর্মকাণ্ড ধরে রাখা খুবই কষ্টসাধ্য, তাও তারই মধ্যে তাঁরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন বঙ্গ সংস্কৃতির প্রসারে ।

