
অভিজিৎ হাজরা, হাওড়া: প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে পড়ুয়াদের মানবিক মূল্যবোধের অসাধারণ পরিচয় পাওয়া গেল সম্প্রতি অনুষ্ঠিত হয়ে যাওয়া আমতা ১ নং পঞ্চায়েত সমিতির সিরাজবাটি চক্রের অন্তর্গত মোল্লারচক প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে আনন্দ মেলায়।

মেলায় অংশ নেওয়া ক্ষুদে ছাত্র-ছাত্রীরা নিজেদের হাতে তৈরি খাবার ছিল এই মেলার বিশেষ আকর্ষণ। কেউ বানিয়েছিল চাউমিন , কেউ বা ঘুগনী, আবার কেউ কেউ এগরোল, হিংয়ের চপ, চপ, নলি পাঁপড়, আলুকাবলি, পকোড়া আবার কোনও কোনও ক্ষুদে বানিয়েছিল পিঠে-পুলি, মিষ্টি, নারকোল নাড়ু সমেত নানা খাবার।

ক্ষুদেদের বানান এই খাবারের বিক্রিত অর্থ তারা তাদের পরিবারের কাজে, আবার কেউ তার মা’র চিকিত্সা করতে ব্যয় করতে চায় বলে জানায়। বিদ্যালয় যে শুধুমাত্র পুঁথিগত শিক্ষাদান করে না, একটি শিশুর প্রকৃত সামাজিক ও মানবিক বিকাশ ঘটতে বিশেষ ভূমিকাও গ্রহণ করে বিদ্যালয় তার প্রকৃষ্ট উদাহরণ এই উত্সব।

