শিশুদের মুখে হাসি ফুটিয়ে পালিত হলো মিঠুন চক্রবর্তীর জন্মদিন

নিজস্ব সংবাদদাতা: পর্দায় তিনি কখনও ‘মৃগয়া’-র সংগ্রামী যুবক, কখনও ‘গুরু’-র অনমনীয় চরিত্র; আবার বাস্তব জীবনে অসংখ্য মানুষের কাছে তিনি এক অনুপ্রেরণা, এক নির্ভরতার নাম—‘মহাগুরু’। রূপোলী পর্দার তারকা আর মাটির কাছাকাছি থাকা মানুষের এই অনন্য মেলবন্ধনের সাক্ষী থাকল সোদপুর।

গত ১৬ জুন ছিল বাংলার গর্ব, কিংবদন্তি অভিনেতা মিঠুন চক্রবর্তী’র জন্মদিন। তবে এই বিশেষ দিনটিকে শুধুমাত্র কেক কাটা বা আনুষ্ঠানিক উদ্‌যাপনের মধ্যে সীমাবদ্ধ না রেখে, এক অন্য মাত্রা দিল “ইউনিভার্স অফ মিঠুন চক্রবর্তী” পরিবার। ভালোবাসা, শ্রদ্ধা এবং মানবিকতার উজ্জ্বল আবহে তাঁরা পালন করলেন তাদের প্রিয় ‘মিঠুনদা’র জন্মদিন, ২০০৫-এ বাড়িটি হেরিটেজ তকমা প্রাপ্ত সোদপুরের রবীন্দ্রনাথের বাড়ি বা বাগান বাড়ি হিসেবে পরিচিত গোবিন্দ কুমার হোমে।

হোমের ১৩৫ জন শিশুর সঙ্গে আনন্দ, উপহার ও ভালোবাসার মধ্য দিয়ে প্রিয় ‘মিঠুনদা’র জন্মদিনটি উদযাপন করেন সংগঠনের সদস্যরা। এই বিশেষ দিনটিকে শুধুমাত্র কেক কাটা বা আনুষ্ঠানিক উদ্‌যাপনের মধ্যে সীমাবদ্ধ না রেখে, এক অন্য মাত্রা দিল “ইউনিভার্স অফ মিঠুন চক্রবর্তী” পরিবার।

সমাজের অবহেলিত, পিছিয়ে পড়া শিশুদের বুকে টেনে নেওয়ার চেয়ে বড় শ্রদ্ধার্ঘ্য আর কী-ই বা হতে পারে! আর এই মন্ত্রে দীক্ষিত হয়েই “ইউনিভার্স অফ মিঠুন চক্রবর্তী” পরিবার উপহার, আনন্দ আর অফুরান ভালোবাসায় ভরিয়ে তুলেছিল হোমের শিশুদের।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজের বহু বিশিষ্ট ব্যক্তিত্ব। তাঁদের মধ্যে অন্যতম আকর্ষণ ছিলেন ‘জি বাংলা মিরাক্কেল’ ও ‘স্টার জলসা সুপার সিঙ্গার’ খ্যাত জনপ্রিয় কমেডিয়ান ও সঞ্চালক সুরঞ্জিত কর্মকার। তাঁর সাবলীল উপস্থাপনা অনুষ্ঠানটিতে বাড়তি মাত্রা যোগ করে। উপস্থিত ছিলেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী শ্রবণা ভট্টাচার্য—যিনি সুরকার বাপ্পি লাহিড়ী ও মিঠুন চক্রবর্তীর সঙ্গে দেশ-বিদেশের বহু মঞ্চে অনুষ্ঠান পরিবেশন করেছেন।

বিগত বহু বছর ধরে “ইউনিভার্স অফ মিঠুন চক্রবর্তী” পরিবার সমাজের দুস্থ, অসহায় এবং পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়িয়ে নিরলস কাজ করে চলেছে। সংগঠনের কর্মকর্তাদের মতে, সমাজের সেবার মধ্য দিয়েই তাঁরা প্রিয় অভিনেতার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জ্ঞাপন করতে চান। আগামী দিনেও তাঁদের এই মানবিক ও সামাজিক যাত্রা অব্যাহত থাকবে বলে তাঁরা দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

সোদপুরের এই আয়োজন যেন আরও একবার প্রমাণ করে দিল, মিঠুন চক্রবর্তী শুধু একজন সফল অভিনেতা নন, তিনি বহু মানুষের আবেগ, প্রেরণা এবং আশ্রয়ের প্রতীক। তাঁর জন্মদিন তাই ভক্তদের কাছে শুধুই উদ্‌যাপন নয়, ভালোবাসা আর কৃতজ্ঞতার এক বিশেষ উপলক্ষ।

 

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Powered by Joinchat