সঙ্গীত ও সংস্কৃতির মেলবন্ধনে মুখর দুর্গাপুর

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম বর্ধমান: ৭ জুন, ২০২৬ রবিবার সন্ধ্যায় দুর্গাপুরের চিলড্রেন একাডেমী সভাগৃহ সাক্ষী থাকলো এক মায়াবী সাংস্কৃতিক মহোৎসবের। উপলক্ষ ছিল দুর্গাপুরের ‘নাইটেঙ্গেল মিউজিক্যাল গ্রুপ’-এর বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান। গান, কবিতা আর নৃত্যের ত্রিবেণী সঙ্গমে এদিন যেন এক টুকরো শান্তিনিকেতন নেমে এসেছিল শিল্পাঞ্চলের বুকে।

অনুষ্ঠানের কর্ণধার শ্রী সমীর কর্মকারের আন্তরিক স্বাগত ভাষণের পর, প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উৎসবের শুভ সূচনা ঘটে। মাঙ্গলিক আলোয় সভাগৃহকে আলোকিত করেন অশোক বন্ধু চক্রবর্তী, অন্তরা সিংহরায়, পায়েল কড়াত, সোমা মুখার্জী এবং সঞ্চিতা মিশ্র।

সংস্কৃতি ও সমাজসেবায় বিশেষ অবদানের জন্য সংস্থার পক্ষ থেকে এদিন এক গৌরবময় সম্মাননা প্রদান করা হয়। সম্মানিত গুণী ব্যক্তিত্বরা হলেন— বিশিষ্ট সাংবাদিক নারায়ণ মজুমদার, প্রথিতযশা শিল্পী পায়েল কড়াত এবং কবি অন্তরা সিংহ রায়।

মিতালী সরকার, বর্ণালী দাস এবং তাঁদের সহ-শিল্পীবৃন্দের পরিবেশনায় ‘মঙ্গল দীপ জ্বেলে’ সংগীতের চিরায়ত সুরে শুরু হওয়া অনুষ্ঠান এক অন্য মাত্রা লাভ করে। অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ ছিল একাডেমির শিশু ও কিশোর শিল্পীদের দলগত পরিবেশনা। গীতাঞ্জলি কর্মকার ও তার সহ-শিল্পীদের অনবদ্য পারফরম্যান্স উপস্থিত দর্শকদের আবেগপ্লুত করে তোলে।

কচিকাঁচাদের কণ্ঠের সুর যেন সভাগৃহে উপস্থিত সকলের হৃদয় ছুঁয়ে যায়। অনুষ্ঠানের শেষলগ্নে মঞ্চে উপস্থিত সকল অংশগ্রহণকারী শিল্পীদের হাতে নাইটেঙ্গেল মিউজিক্যাল গ্রুপের পক্ষ থেকে স্মারক ও সম্মাননা তুলে দেওয়া হয়।

 

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading