
অভিজিৎ হাজরা, হাওড়া: সম্প্রীতি ও সাংস্কৃতিক মেলবন্ধনের এক অনন্য দৃষ্টান্ত হয়ে উঠল ৫ম বার্ষিকী লাচ্ছা–সিমুই উৎসব ২০২৬। পবিত্র ইদল-ফিতর উপলক্ষে সারা ভারত জরি শিল্পী কল্যাণ সমিতির উদ্যোগে এই উৎসব অনুষ্ঠিত হয় জগৎবল্লভপুরের গাববেড়িয়া চাইল্ডহুড কে.জি. স্কুলে।হিন্দু, মুসলিম ও খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে উৎসবটি রূপ নেয় এক সত্যিকারের মিলনমেলায়। বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্বদের পাশাপাশি অংশ নেন শিল্পী ও সংস্কৃতিপ্রেমী মানুষজন।

উৎসবের অন্যতম আকর্ষণ ছিল নানা ধরনের লাচ্ছা–সিমুই প্রদর্শনী—বাদশাহী, জবদানা, জর্দ্দা, দুধের সিমুই থেকে ঝাল সিমুই পর্যন্ত বৈচিত্র্যময় পরিবেশনায় আপ্লুত হন উপস্থিত সবাই। পাশাপাশি সংগীত, নৃত্য, কবিতা ও আবৃত্তির পরিবেশনা অনুষ্ঠানকে করে তোলে আরও প্রাণবন্ত।

উদ্যোক্তা মুজিবুর রহমান মল্লিক জানান, ২০২২ সালে শুরু হওয়া এই উৎসবের মূল লক্ষ্যই হল সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করা—যেখানে উৎসব মানেই একসাথে থাকার আনন্দ। সব মিলিয়ে, লাচ্ছা–সিমুই উৎসব শুধু একটি আয়োজন নয়, বরং একতার এক উজ্জ্বল বার্তা বহন করে।
