
অভিজিৎ হাজরা, হাওড়া: রঙ, নৃত্য ও সঙ্গীতের আবহে আমতার নারিট ফুটবল মাঠে অনুষ্ঠিত হল “মুদ্রা নৃত্য প্রশিক্ষণ কেন্দ্র”-এর পঞ্চম বসন্ত উৎসব। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ছাত্রী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসব মুখর হয়ে ওঠে পরিবেশ। মঞ্চসজ্জা ও আল্পনায়ও ফুটে ওঠে ছাত্রছাত্রীদের সৃজনশীলতার ছাপ।প্রতিষ্ঠানের কর্ণধার পৌলমী মোদক জানান, নৃত্যের মাধ্যমে সুস্থ সংস্কৃতি গড়ে তোলাই তাঁদের মূল লক্ষ্য। সেই উদ্দেশ্যেই আমতার অন্যান্য নৃত্যগোষ্ঠীকেও এই অনুষ্ঠানে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন গায়ক রাকেশ সাসমল। এছাড়া পশ্চিমবঙ্গ তথ্য ও সংস্কৃতি বিভাগের লেটো ভাঁড় যাত্রাদলের পরিবেশনা দর্শকদের মনোরঞ্জন করে। প্রতিষ্ঠানের ছাত্রীদের নৃত্য পরিবেশনাও ছিল অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমতা কেন্দ্রের বিধায়ক সুকান্ত পাল, সমাজসেবী ও প্রযোজক রবিন ব্যানার্জী, চিকিৎসক ডাঃ অভিজিৎ ভট্টাচার্য, চিত্রসাংবাদিক কৌশিক দত্ত, সমাজসেবী অতনু মন্ডল এবং পরিবেশ সংগঠন ডট ফাউন্ডেশনের কর্ণধার দীপঙ্কর পোড়েল। অনুষ্ঠান পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পৌলমী মোদক।
