প্রাথমিক বিদ্যালয়ে স্বাস্থ্য শিবির ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম বর্ধমান: বিশ্ব নারী দিবসকে সামনে রেখে আড়রা কালীনগর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত হল এক প্রাণবন্ত স্বাস্থ্য শিবির ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এলাকার বিশিষ্টজনদের উদ্যোগে অনুষ্ঠিত এই কর্মসূচি ঘিরে বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবের আবহ তৈরি হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের পঞ্চায়েত, গ্রামীণ উন্নয়ন ও সমবায় দপ্তরের মন্ত্রী প্রদীপ কুমার মজুমদার। তিনি প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। উদ্বোধনের পরই শুরু হয় সাংস্কৃতিক পর্ব। বিদ্যালয়ের ছোট ছোট ছাত্রছাত্রীরা গান, নৃত্য ও কবিতা আবৃত্তির মাধ্যমে মুগ্ধ করে উপস্থিত অতিথি ও দর্শকদের। তাদের প্রাণোচ্ছ্বল পরিবেশনা অনুষ্ঠানে এক বিশেষ মাত্রা যোগ করে।

এদিন বিদ্যালয়ে আয়োজিত স্বাস্থ্য শিবিরে শিশুদের পাশাপাশি অভিভাবকদেরও স্বাস্থ্য পরীক্ষা করা হয়। চিকিৎসকেরা স্বাস্থ্য সচেতনতা সম্পর্কে গুরুত্বপূর্ণ পরামর্শ দেন এবং সুস্থ জীবনযাপনের নানা দিক তুলে ধরেন। অনুষ্ঠানের শেষে অতিথিদের হাত থেকে বিদ্যালয়ের পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হয় স্বাস্থ্য সুরক্ষা কিট।

আয়োজকদের বক্তব্য, বিশ্ব নারী দিবসের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি শিশুদের সুস্বাস্থ্য, সচেতনতা এবং সাংস্কৃতিক চর্চাকে উৎসাহিত করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, অভিভাবক এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে আরও তাৎপর্যপূর্ণ ও প্রাণবন্ত।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Powered by Joinchat