
নিজস্ব সংবাদদাতা, বসিরহাট: বসিরহাট সেনসাইকাই ক্যারাটে ডু অ্যাসোসিয়েশনের উদ্যোগে বসিরহাটের প্যারাডাইস ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হল একদিনের মার্শাল আর্ট ও ক্যারাটে প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় বসিরহাট মহকুমার সীমান্তবর্তী এলাকা থেকে শুরু করে সুন্দরবন অঞ্চলের কয়েক শতাধিক ছেলে ও মেয়ে অংশগ্রহণ করে। অনুষ্ঠানে ক্যারাটের উপকারিতা এবং বর্তমান সময়ে এর প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অ্যাসোসিয়েশনের প্রধান প্রশান্ত গিরি জানান, বর্তমান সময়ে আত্মরক্ষার জন্য ক্যারাটে প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে মহিলাদের নিরাপত্তার কথা মাথায় রেখে শিশু বয়স থেকেই ক্যারাটে শেখা প্রয়োজন বলে তিনি মত প্রকাশ করেন।

তিনি আরও উল্লেখ করেন, বর্তমানে রাজ্যে ক্রমশ বাড়ছে মহিলাদের ক্যারাটে প্রশিক্ষণে অংশগ্রহণ। যা সমাজে আত্মবিশ্বাসী ও স্বাবলম্বী প্রজন্ম গড়ে তুলতে বিশেষ ভূমিকা নিচ্ছে। পাশাপাশি শিশুদের শারীরিক ও মানসিক বিকাশেও ক্যারাটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে জানান তিনি। এদিন বক্তৃতায় উঠে আসে বর্তমান প্রজন্মের মোবাইল ফোন ও ইন্টারনেট নির্ভরতার বিষয়টি। প্রশান্ত গিরি জানান, প্রযুক্তি একদিকে যেমন উপকারী, তেমনই অতিরিক্ত ব্যবহারে তা ক্ষতিকারক হয়ে উঠছে। সেখান থেকে শিশু-কিশোরদের মাঠমুখী করতে এবং শারীরিক চর্চায় আগ্রহী করে তুলতে ক্যারাটে প্রশিক্ষণ একটি মুখ্য ভূমিকা পালন করছে। সব মিলিয়ে এই প্রতিযোগিতা শুধু খেলাধুলার মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং সমাজে আত্মরক্ষা, শৃঙ্খলা ও সুস্থ জীবনযাপনের বার্তা পৌঁছে দিল বলে মনে করছেন আয়োজক ও অভিভাবকরা।

