
নিজস্ব সংবাদদাতা, হুগলি: জাঁকজমক পূর্ণ কার্নিভ্যালের মধ্য দিয়ে হুগলি জেলায় শেষ হলো ২০২৫ এর শারদ উত্সব। গত বছরের মত এই বছরও হুগলির অন্যতম শহর শ্রীরামপুরে মহেশ স্নান পিঁড়ি মাঠ থেকে বটতলা পর্যন্ত তিন কিলোমিটার পথ জুড়ে চলে এই বছরের দুর্গাপুজোর কার্নিভ্যাল।

উল্লেখ করা যায় মোট ১৭ টি পুজো কমিটি বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে অংশ নেয় এই বছর। বাংলার সংস্কৃতির অপরূপ ছবি লক্ষ করা যায় এদিনের এই কার্নিভ্যালে। এই বছরের হুগলি জেলার পুজো কার্নিভ্যালে উপস্থিত ছিলেন সঙ্গীত শিল্পী নচিকেতা চক্রবর্তী।

উপস্থিত ছিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, আরামবাগের সাংসদ মিতালী বাগ, শ্রীরামপুরের বিধায়ক ডাঃ সুদীপ্ত রায়, চাঁপদানীর বিধায়ক অরিন্দম গুঁইন, চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, চন্দননগর কর্পোরেশনের মেয়র রাম চক্রবর্তী, শ্রীরামপুর পৌরসভা, বৈদ্যবাটি পৌরসভা, রিষড়া পৌরসভা এবং হুগলি-চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান গিরিধারী সাহা, পিন্টু মাহাতো, বিজয় সাগর মিশ্র ও অমিত রায়।

উপস্থিত ছিলেন জেলা শাসক মুক্তা আর্য, হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধাড়া, হুগলি জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায়, চন্দননগর পুলিশ কমিশনারেটের কমিশনার অমিত পি জাভালগি, হুগলি গ্রামীন পুলিশের সি পি কামনাশীষ সেন সহ সকল প্রশাসনিক ব্যক্তিগণ।

কার্নিভ্যালে বৈদ্যবাটি পৌরসভার স্বাস্থ্য দপ্তর ও সাফাই বিভাগের পদযাত্রা ও উপস্থাপনা সকলের মন জয় করে নেয়। চণ্ডীপাঠ, ধুনুচি নাচ সহযোগে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় জমিয়ে দিয়েছিলেন এই বছরের পুজো কার্নিভ্যাল।

