আন্তরিকের আগমনী অনুষ্ঠান

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম বর্ধমান: ‘সোনার আলোর ঢেউ খেলে যায় মাঠের ঘাসে ঘাসে। / বাউল হাওয়ায় কানাকানি মা বুঝি ঐ আসে।’ — কবি কাজী নজরুল ইসলামের কলমে মা দুর্গার আবাহনকে কেন্দ্র করে চিরকালীন যে আকুতি ফুটে উঠছিল তা আজও  সমানভাবে প্রযোজ্য। আর কয়েকদিন বাদেই আসছেন হিমালয় দুহিতা উমা, আমাদের সকলের আদরের দেবী দুর্গা। দেবীর পিত্রালয়ে আগমন উপলক্ষে আমাদের সংস্কৃতিতে প্রচলিত রয়েছে  নানা আগমনী গান, তেমনি রয়েছে দেবীর আগমনকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয় নানা সাংস্কৃতিক অনুষ্ঠান।

সম্প্রতি এমনই এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল পশ্চিম বর্ধমান জেলার শিল্পাঞ্চল বাংলার রূঢ় দুর্গাপুরের বুকে দুর্গাপুর অরভিল পার্কের আপনজন সভাগৃহে। বিগত সাত বছর ধরে নিরবিচ্ছিন্ন ভাবে দুর্গাপুর থেকে প্রকাশ হয়ে চলেছে আন্তরিক সাহিত্য পত্রিকা। এই পত্রিকার সম্পাদিকা অন্তরা সিংহরায়ের আন্তরিকতায় উপভোগ্য এই আগমনী অনুষ্ঠান শুরু হয় চন্ডী পাঠ এবং আগমনী সংগীতের মধ্য দিয়ে।

কবি দেবব্রত মুখার্জি, কবি পাঁচু গোপাল ব্যানার্জি এবং সংগীতশিল্পী অর্চনা সিংহ রায়ের সমবেত অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন হওয়া অনুষ্ঠানে পরবর্তি পর্যায়ে মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলিত করে দেবী দুর্গার প্রতিকৃতিতে মাল্যদান ও উলুধ্বনির মাধ্যমে এই শরতে মা দুর্গার আগমনকে স্বাগত জানানো হয়।

স্বরচিত কবিতা পাঠ, সংগীত, নাচ, আলেখ্য এবং অন্য পরিবেশনার সাজানো ছিল আন্তরিক সাহিত্য পত্রিকার এদিনের পাঁচ ঘণ্টা ধরে চলা এই অনুষ্ঠান। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন শিবদাস রুদ্র, অলক্তিকা চক্রবর্তী, অশোক সৌ মন্ডল, সোমা সরকার, গৌতম দাস, চন্দ্রা পাঁজা, মধুসূদন রায়, মিতালী সরকার, সুতপা অধিকারী সেন,  উমা শঙ্কর সেন, অর্পিতা  অধিকারী, বৈশাখী মুখোপাধ্যায়, শর্মিষ্ঠা ভট্টাচার্য্য, দেবাশিস দে, কান্তা সেন, রঘুনাথ সিনহা, বাসুদেব গোস্বামী, শিপ্রা ব্যানার্জ্জী, সুইটি রায় প্রমুখরা।

বিশেষ করে উল্লেখ করা যায় দুই খুদে শিল্পী বিপাশা এবং রীনার নৃত্য উপস্থিত সকলকে মোহিত করে তোলে। অনুষ্ঠানের প্রধান আন্তরিক পত্রিকার সম্পাদিকা অন্তরা সিংহরায় জানান, তাঁরা প্রতি মাসেই সাহিত্য সংস্কৃতির আড্ডা করে থাকেন শুধুমাত্র বঙ্গ সাহিত্য-সংস্কৃতি চর্চাকে অব্যাহত রাখার জন্য এবং পরবর্তী প্রজন্মকে উৎসাহিত ও তাদের মধ্যে সাংস্কৃতিক মানসিকতা ছড়িয়ে দেওয়ার জন্য।

আন্তরিকের এই আগমনী অনুষ্ঠানে শিক্ষক দিবস উপলক্ষে তিনজন অবসরপ্রাপ্ত শিক্ষককে  যথাযোগ্য সম্মান প্রদর্শন করা হয়। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন রানু ব্যানার্জি। সবশেষে উল্লেখ করা যায় আন্তরিক পত্রিকার সম্পাদিকা অন্তরা সিংহরায়ের ভাবনায়  অসাধারণ সজ্জায়  সেজে উঠেছিল আপনজন সভাগৃহের এদিনের অনুষ্ঠান মঞ্চ।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading