
আত্রেয়ী দো: গরমের ক্লান্ত দুপুরে ফ্রিজ খুলে ঠান্ডা এক গ্লাস ফালুদা হাতে পেলে ইচ্ছে করে চোখ বুজে এক চুমুক নিতে। আর সেই সঙ্গে যেন ছুঁয়ে যায় শতাব্দী পেরিয়ে আসা এক মিষ্টি ঐতিহ্য—ফালুদার গল্প, ফালুদার ইতিহাস। চোখ ধাঁধানো রঙ, মিষ্টি গন্ধ, আর ঠান্ডা ঘ্রাণে ভরা এই পানীয়টি আজ শুধু স্বাদ নয়, বরং ঐতিহ্য ও ইতিহাসেরও বাহক। কিন্তু ক’জন জানেন, এই সুস্বাদু ফালুদার যাত্রা শুরু হয়েছিল আজ থেকে হাজার বছর আগে, সুদূর পারস্যে? তাহলে আর কি! এক গ্লাস ঠান্ডা ঠান্ডা ফালুদা নিয়ে চলুন ডুব দিই ইতিহাসের পাতায়।
ইতিহাসের পাতায় ফালুদা
ফালুদা হল প্রাচীনতম পরিচিত মিষ্টিগুলির মধ্যে একটি । খ্রিস্টপূর্ব ৪০০ সাল থেকে এটি তৈরি হয়ে আসছে । ফালুদার আদিরূপ ছিল ‘ফালুডেহ’—প্রাচীন পারস্যের (বর্তমান ইরান) এক ঠান্ডা মিষ্টি ডেজার্ট, যেখানে রাইস স্টার্চ দিয়ে তৈরি হতো ঝরঝরে নুডলস, যার সঙ্গে মিশতো গোলাপজল, চিনি ও লেবুর রস। মরুভূমির গরমে ক্লান্ত শরীরের আরাম দিতে ফালুডেহ ছিল এক অনবদ্য সঙ্গী। ১৬০০ – ১৮০০ শতাব্দীতে, দক্ষিণ এশিয়ায় শাসনকারী ইন্দো-পার্সিয়ান মুঘল রাজারা ফালুদা নামে একটি ঠান্ডা মিষ্টি পানীয় তৈরি করেছিলেন, যা ছিল ফালুডেহ থেকে উদ্ভূত।

মুঘল দরবার থেকে বঙ্গজীবনে
পারস্য থেকে ফালুডেহ মুঘলদের হাত ধরে ভারতবর্ষে আসে। ভারতীয় উপমহাদেশে এসে পানীয়টি পায় নতুন রূপ ও স্বাদ—যোগ হয় দুধ, সাগুদানা, বাদাম-কিশমিশ, জেলি, আইসক্রিম ও কুলফি। শহুরে জীবনধারার সঙ্গে মিশে ফালুদা হয়ে ওঠে বাংলার রসনার এক পরম পরিতৃপ্তি।

আধুনিক রূপে এক স্বপ্নের ডেজার্ট
আজকের ফালুদা শুধু পানীয় নয়, বরং এক আর্টফর্ম। ফালুদার মূল উপাদানগুলো হলো:
সাবুদানা বা বেসিল সিডস,
ভারমিসেলি ,
ঠান্ডা দুধ,
রোজ সিরাপ বা রুহআফজা।
আইসক্রিম, জেলি, চেরি, বাদাম – এই সব উপরি পাওনা!

এক গ্লাস ফালুদা মানেই এক গ্লাস ঠান্ডা আর আরাম। এই পানীয় শুধু দেহকে ঠান্ডা করে না, মনেরও প্রশান্তি আনে। বর্তমানে বিভিন্ন রেস্তোরাঁয় কিংবা স্ট্রিট ফুড স্টলে, নানা রকম ফিউশন দেখা যায় –
* ম্যাঙ্গো সহ বিভিন্ন ফলের ফালুদা,
* চকোলেট ফালুদা ,
* কুলফি ফালুদা ,
এমনকি
* ক্যাফে ফালুদাও !
রঙিন স্তর, স্বাদের বৈচিত্র্য ও উপস্থাপনার শৈল্পিকতা—সব মিলিয়ে ফালুদা এক অভিজাত অভিজ্ঞতার সাক্ষী ।
গরমকালে কেন ফালুদা?
* ঠান্ডা দুধ আর রোজ সিরাপ শরীর ঠান্ডা রাখে।
* বেসিল সিডস হজমে সাহায্য করে।
* মিষ্টি, ঠান্ডা আর ভরপেট—একসাথে তিনটে চাহিদা পূরণ!
ফালুদা আসলে একটি সেতুবন্ধ—প্রাচীন পারস্যের সঙ্গে আধুনিক শহরের, রাজদরবারের সঙ্গে রাস্তাঘাটের, ঐতিহ্যের সঙ্গে উদ্ভাবনের। এক গ্লাসে ইতিহাস, এক চুমুকে রসনার পূর্ণ তৃপ্তি—ফালুদা তাই শুধু ঠান্ডা নয়, হৃদয়স্পর্শীও।
