
সঞ্জয় মুখোপাধ্যায়, কলকাতা: বর্ষবরণের সকালে কলকাতা পুলিশ ক্লাবের মাঠে বার পুজোর মধ্য দিয়ে পালন করা হলো নববর্ষের অনুষ্ঠান। এই উপলক্ষে ময়দানের কলকাতা পুলিশ ক্লাবের ময়দানে উপস্থিত ছিলেন খেলোয়াড় সহ ক্লাবের সকল অধিকর্তা ও সদস্যগণ। গতবছর কলকাতা লীগে কলকাতা পুলিশ ফুটবল দল উল্লেখযোগ্য ভাবে নিজেদের পরিচয় তুলে ধরার পর এই বছরেও কলকাতা পুলিশের ফুটবল দল মূলত নতুন নতুন ফুটবলারদের নিয়েই তৈরি করা হবে বলে জানান কলকাতা পুলিশ ক্লাবের বর্তমান সম্পাদক শান্তনু চট্টোপাধ্যায়।

তিনি আরও জানান, ফুটবলের পাশাপাশি তাঁদের ক্রিকেট দলও খুবই ভালো ফল করেছে গতবছর। তিনি বলেন, গতবছর কলকাতা পুলিশ ক্লাবের পুরুষদের ক্রিকেট দল সুপার ডিভিশনে প্লে অফে পৌঁছতে সক্ষম হয়েছিল। কিন্তু প্রি কোয়াটার ফাইনালে তাঁদের হারতে হয় ইস্টবেঙ্গল দলের কাছে। এর সঙ্গে সঙ্গে শান্তনু বাবু জানান, তাঁদের মহিলা ক্রিকেট দল নিজেদের দক্ষতা তুলে ধরতে সমর্থ হয়েছে। উল্লেখ করা যায় কলকাতা পুলিশ ক্লাবের মহিলা ক্রিকেট দল টি২০ প্রতিযোগিতায় উল্লেখযোগ্য ভাবে নিজেদের তুলে ধরতে পেরেছে।

কলকাতা পুলিশ ক্লাবের বর্তমান সম্পাদক শান্তনু চট্টোপাধ্যায় আশাপ্রকাশ করেন এই বছরও তাঁদের ফুটবল ও ক্রিকেট দল বেশ ভালো ফল করবে এবং তাঁরা এই লক্ষে এগিয়ে চলেছেন। উল্লেখ করা যায় কলকাতা পুলিশ ক্লাবের ফুটবল দল থেকে গতবছর ভারতের আন্ডার ২০ ফুটবল ক্যাম্পে একজন সুযোগ পায় এর সঙ্গে সঙ্গে গতবছরের সন্তোষ ট্রফির বাংলা দলের ট্রায়ালে এই ক্লাব থেকে দুজন ফুটবলার সুযোগ পান।

শান্তনু চট্টোপাধ্যায় আরও জানান, কলকাতার সঙ্গে একসময় যে খেলাটি ওতপ্রোতভাবে জড়িত ছিল সেই রাগবী খেলার জন্য কলকাতা পুলিশের সদস্যদের মধ্য থেকেই পুরুষ ও মহিলাদের রাগবী টিম বানাতে চলেছেন তাঁরা। তিনি আশা করেন তাঁরা সকলে মিলে সকল রকম আর্থিক অসংগতিকে উপেক্ষা করে একটি ভালো ফুটবল দল কলকাতা সহ সারা রাজ্যের মানুষের কাছে তুলে ধরতে পারবেন।

খেলাধূলার সঙ্গে সঙ্গে কলকাতা পুলিশ ক্লাব নানা ধরনের সামাজিকও কর্মকাণ্ডের মধ্য দিয়ে সকলের পাশে থাকবেন বলেও জানান বর্তমান সম্পাদক শান্তনু চট্টোপাধ্যায়।

