
নিজস্ব সংবাদদাতা, হুগলি: রাজ্যের সুপ্রাচীন পৌরসভাগুলির মধ্যে অন্যতম প্রাচীন পৌরসভা বৈদ্যবাটি পৌরসভা। ১৮৬৮ সালের ছয় নং ধারা অনুসারে আমাদের বাংলার শহর ও আধাশহরে পৌর আইন অনুসারে পৌরসংস্থা পথ চলা শুরু করে। ১৮৬৯ সালের ৩ মার্চ হুগলি জেলার তিন পৌরসভা বাঁশবেড়িয়া, বৈদ্যবাটি ও ভদ্রেশ্বর শহরে সরকারী বিজ্ঞপ্তি অনুসারে পৌরসভার কাজ শুরু হয়, আর বৈদ্যবাটি পৌরসভা কাজ শুরু করে ওই সালের ১ এপ্রিল।

উল্লেখ করা যায়, এই পৌরসভার পৌরভবন নির্মানের জন্য জমি দান করেন স্থানীয় ব্যক্তিত্ব দেবিপ্রসাদ মুখোপাধ্যায়। বর্তমানে এই পৌরসভার পৌরভবনটি অবস্থান করছে শেওড়াফুলির সত্যজিত্ রায় ভবনে।পৌরসভার ১৫৭ বছরে পদার্পনের সকালে সত্যজিত্ রায় ভবনে সত্যজিত্ রায়ের মূর্তিতে মালয়দান করেন পৌরপ্রধান পিন্টু মাহাতো, উপপ্রধান শান্তনু দত্ত সহ পৌরপ্রতিনিধিবৃন্দগণ। পরে পৌরসভার সভাগৃহে পৌরপ্রধান, উপ পৌরপ্রধান ও সকল পৌরসদস্যদের উপস্থিতিতে এই পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান ও বর্তমান বিধায়ক অরিন্দম গুঁইন কেক কেটে পালন করা হয় সুপ্রাচীন এই পৌরসভার জন্মদিনের অনুষ্ঠান।

