
নিজস্ব সংবাদদাতা: আজ বাংলা পক্ষ হুগলি জেলা শাখার পক্ষ থেকে হুগলির চুঁচুড়া মুখ্য ডাকঘরের পোস্টমাস্টার এবং উত্তর হুগলি বিভাগের অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেনডেন্টকে তিনটি দাবী সম্বলিত এক স্মারকলিপি প্রদান করা হয়। দাবী গুলি হল পোস্ট অফিসের প্রত্যেকটি ডিসপ্লে বোর্ড, বিজ্ঞপ্তি, সার্কুলার বাংলা ভাষায় প্রকাশ করতে হবে। লেনদেন সম্পর্কিত প্রতিটা পুস্তিকা, স্লিপ, ফর্ম, ইত্যাদি বাংলা ভাষায় হতে হবে এবং পোস্ট অফিসের প্রত্যেক কর্মীকে বাংলা জানতে হবে এবং বাঙালিকে বাংলা ভাষায় পরিষেবা দিতে হবে। উল্লেখ করা যায় গত ২৯ জানুয়ারী চুঁচুড়া মুখ্য ডাকঘরের ২ নং কাউন্টারে পার্সেল করতে যাওয়া এক ব্যক্তির সঙ্গে বাংলা বলা নিয়ে রীতিমত অভব্য আচরণ করেন ওই কাউন্টারের কর্মচারী।

এই স্মারকলিপি প্রসঙ্গে বাংলা পক্ষের হুগলি জেলা শাখার পক্ষে দপ্তর সম্পাদক সুমন ব্যানার্জী বলেন, ভারতের যে অঞ্চলে যেটা প্রধান ভাষা সেই ভাষায় পরিষেবা পাওয়ার অধিকার ভারতের প্রতিটি নাগরিকের আছে। পশ্চিমবঙ্গ সি ক্যাটাগরির রাজ্য তাই কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী এখানে বাঙালিকে বাংলা ভাষায় পরিষেবা দিতে বাধ্য পরিষেবা প্রদানকারী সংস্থাগুলো। কিন্তু বাস্তবে দেখা যায় বিভিন্ন প্রতিষ্ঠানে বহিরাগত কর্মচারীরা বাঙালিকে তার মাতৃভাষায় পরিষেবা দেয় না উল্টে বাঙালি নিজের মাতৃভাষায় পরিষেবা চাইলে তাকে হেনস্থা করা হয়। চুঁচুড়া মুখ্য ডাকঘরেও ঠিক একই ভাবে বাঙালি গ্রাহককে হেনস্থা করা হয়। তিনি আরও জানান, কর্তৃপক্ষর সাথে সদর্থক আলোচনা হয়েছে। ওই কাউন্টার কর্মচারীর বিরুদ্ধে ডিপার্টমেন্টাল তদন্ত করা হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

সুমন বাবু আরও বলেন, বাংলার মাটিতে বাঙালিকে তার নিজের মাতৃভাষায় পরিষেবা না দিলে বাংলাপক্ষ প্রতিক্ষেত্রেই প্রতিবাদ বিক্ষোভ করে এবং ভবিষ্যতেও করবে। বাঙালির উপরে বহিরাগতদের জোড় করে হিন্দি চাপিয়ে দেওয়া বাংলাপক্ষ মানবে না এবং তীব্র প্রতিবাদ গড়ে তুলবে।

এই স্বারকলিপি প্রদান কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন হুগলীজেলা বাংলাপক্ষর জেলা কমিটির সদস্য অভিষেক পাল, বাংলাপক্ষ হুগলী জেলা সদস্য সুদর্শন প্রামাণিক, মনোজ মান্না, অমিত দত্ত সহ বিভিন্ন সহযোদ্ধারা।


