
নিজস্ব সংবাদদাতা, হুগলি: আর জি কর কাণ্ডের প্রতিবাদ স্বরূপ পূর্বঘোষিত ১৪ আগস্ট রাত সাড়ে ১১টায় রাজ্য জুড়ে ‘মেয়েরা রাত দখল করো’ কর্মসূচিতে সামিল হতে দেখা গেল সারা হুগলি জেলার নানা প্রান্তে মহিলাদের সঙ্গে পুরুষদেরও।

নারী পুরুষ এক হয়ে সমবেতভাবে ‘উই ওয়ান্ট জাস্টিস’ ধ্বনিতে মুখরিত করে তুলেছিল আকাশ-বাতাস। ‘তিলোত্তমা খুনের বিচার চাই’, ‘মার্চ ফর জাস্টিস’, বা ‘হোক তান্ডব’, ‘কথা বলো; আওয়াজ তোলো’ ইত্যাদি লেখা পোস্টার নিয়ে হাজির ছিলেন হাজার হাজার মহিলা ও পুরুষ।

হুগলি জেলার শিল্পাঞ্চল রিষড়ায় মূল সমাবেশটি হয় রিষড়া চারবাতি মোড়ে। এই সমাবেশে যেমন উপস্থিত ছিলেন সাধারণ গৃহবধূ থেকে ছাত্রী বা কর্মরত মহিলা, সঙ্গে উপস্থিত ছিলেন প্রচুর সংখ্যক পুরুষ। সমাবেশে উপস্থিত হয়ে কবি অশোক বন্দ্যোপাধ্যায় জানলেন, এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন আর না ঘটে। উপস্থিত মহিলাদের সকলেই এক বাক্যে আর জি কর কাণ্ডে সঠিক বিচারের দাবি তোলেন।

এই জেলার শ্রীরামপুরের বটতলায় সংঘটিত হয় এই কর্মসূচির মূল অনুষ্ঠান। এক সমাবেশ থেকে দাবি করা হয় কোনও সমাবেশ কোনদিনও অরাজনৈতিক হতে পারে না, এবং এই সমাবেশও অরাজনৈতিক নয়।

জেলার অন্যতম এলাকা ডানকুনিতে মূল সমাবেশ হয় ডানকুনি হাউজিং মোড়ে। মোমবাতি, প্লাকাড নিয়ে মহিলাদের বিচার চেয়ে আওয়াজ তুলতে শোনা যায় এই সমাবেশ থেকে।

গান, কবিতা, বক্তব্য সব নিয়ে স্বতঃস্ফূর্ত প্রতিবাদে সামিল হয়েছিলেন জেলাজুড়ে মহিলারা মেয়েরা রাত দখল করো এই কর্মসূচীকে সফল করতে।
ছবি : এম রহমান ও এস চক্রবর্তী

