গত ক’দিন আগেই অর্থাত্ ৩ জুন আমরা পালন করেছি বিশ্ব সাইকেল দিবস ও জাতীয় ডিম দিবস। আর এই দুই দিবসকে মনে রেখে অনুগল্পের আদলে এক বাস্তব চিত্র তুলে ধরলেন কিশলয় মুখোপাধ্যায়

আও শিখায়ে তুমে আন্ডা কা ফান্ডা / ইয়ে নাহি প্যায়ারে কই মামুলি বান্দা/ আন্ডা আন্ডা আন্ডা’
কেল্টু গানটা গাইছে আর সাইকেল চালাচ্ছে। সাইকেলের কেরিয়ারে, হ্যান্ডেলে ডিমের পেটি তাতে রয়েছে সারি সারি সাদা ডিম। সস্তার প্রোটিন। ভালো নাম পল্লব ঘোষ। ডাক নাম পালু। তবে কমিকসের কেল্টুর চেহারার সঙ্গে হুবুহু মিল থাকায় সারা পাড়ার লোক বলে কেল্টু। কেল্টু গান গাইতে গাইতে যাচ্ছে মইদুল জেঠুর দোকানে। আসলে দোকানে দোকানে ডিম সাপ্লাই দেয়। জেঠুর দোকান থেকে বেড়োতেই তপন দার ফোন। কিন্তু আজতো তপনদার দোকানে সাপ্লাই দেবার দিন নয়। তপনদার ইমার্জেন্সি । কেল্টু বাড়ি থেকে বেড়িয়ে বাঁদিকের রাস্তা ধরে কয়েক কিলোমিটার চলে এসেছে। আর তপনদার দোকান কেল্টুর বাড়ি থেকে বড় রাস্তায় উঠে ডান দিকের পথ। কেল্টু দেখল ডিম রয়েছে সাথে প্রিয় হিরো সাইকেলটা। রওনা দিলো তপনদার দোকানের দিকে। সাইকেল চালালে নিজেকে অরণ্যদেব ভাবে। কারণ অরণ্যদেব কমিকসে ঘোড়াটির নাম হিরো। বিশেষ করে তপনদার দোকানে যাবার পথে কিছুটা রাস্তা মনে হয় জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে অরণ্যদেব। কেল্টু অন্তত তাই ভাবে।
নয়নতারাও সাদামাটা। অনেক নেটিজেনদের মতে মেয়েরা বেশি লাইক পায় ছেলেদের থেকে। কিন্তু নয়নতারার ক্ষেত্রে এটা খাটেনা। অনেকটা সাইকেল চালিয়েছে বলে দোকানে ঢোকবার আগে নয়নতারার বাড়ির কাছে একটু দাঁড়ায়, জিরোয়ে। সেটা দোকানেও হতে পারত। তবে নয়নতারা হল কেল্টুর ডায়না। সেটা অবশ্য নয়না জানেনা। এই সময় নয়নতারা মোবাইলে কেল্টুর একটা ফটো তোলে। পোস্ট করে লেখে আজ বিশ্ব সাইকেল দিবস ও জাতীয় ডিম দিবস। অনেক লাইক ও শেয়ার হয়। নয়নতারা এই প্রথম এত লাইক কমেন্ট ও শেয়ার পেল। সব চরিত্র কাল্পনিক আর লেখাটা একটা গল্প। তাই বা বলা যায় কি করে। এরকম পল্লব আর নয়নতারা আমাদের আশেপাশেই রয়েছে।
