
বিশেষ সংবাদদাতা, হুগলি: গরম থেকে বাঁচতে ও বৃষ্টির কামনায় এবার ব্যাঙের বিয়ে দেওয়া হলো। এই মূহুর্তে যখন সারা বাংলা তথা দেশের বিভিন্ন প্রান্ত ছারখার হয়ে যাচ্ছে প্রখর তাপে, যখন সকল মানুষ চাতক পাখির মতো একফোঁটা জলের জন্য হাহাকার করছে, তখন বৃষ্টির আশায় রীতিমতো হিন্দু রীতির বিয়ের সকল নিয়ম মেনে টোপর পড়িয়ে বিয়ে দেওয়া হলো ব্যাঙের।

ঘটনাটি হুগলি জেলার আরামবাগ শহরের। শুধুমাত্র ব্যাঙের বিয়ে দেওয়া নয় রীতিমতো বরপক্ষ ও কনে পক্ষের সকলকে পেট ভরে লুচি, ছোলার ডাল, কুমড়োর তরকারি ও মিষ্টি খাওয়ানো ও হয় এদিন। এই ব্যাঙের বিয়ের উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয় বর্তমান প্রাকৃতিক পরিস্থিতির পরিবর্তণ ঘটাতে বরুন দেব ও সূর্য দেবকে সন্তুষ্ট করে বৃষ্টির কামনায় এই বিয়ের আয়োজন।
