অভিজিৎ হাজরা,হাওড়া: হাওড়া জেলার বাগনান থানা তথা আমতা বিধানসভার অন্তর্গত সাবসিড গ্ৰাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস দলের প্রধান সেখ সাদ্দাম হোসেন চাকরি বাতিলের কোপে পড়লেন। হাইকোর্টের নির্দেশে এখনও পর্যন্ত গ্ৰপ সি পদে যে ৭৮৫ জনের চাকরি বাতিলের তালিকা প্রকাশ হয়েছে সেই তালিকায় ৬২৬ নম্বরে নাম রয়েছে সেখ সাদ্দাম হোসেন। তিনি কর্মরত ছিলেন হাওড়ার শিবপুর যশোদাময়ী উচ্চ বিদ্যালয়ে। ২০২৩ এর ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন যখন দুয়ারে হাজির, সেই মুহূর্তেই সাবসিট গ্ৰাম পঞ্চায়েত প্রধান সাদ্দাম হোসেন এর গ্ৰুপ সি পদে চাকরি বাতিল হওয়াকে সামনে রেখে গ্ৰামীণ হাওড়া জেলায় জোরদার রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। বিরোধী দলের নেতা-নেত্রী, কর্মী-সমর্থকদের দাবি, সেখ সাদ্দাম হোসেন পঞ্চায়েত প্রধানের প্রভাব খাটিয়েই বিদ্যালয়ে গ্ৰুপ সি পদে চাকরি পেয়েছিলেন।
যদিও সেখ সাদ্দাম হোসেন তার চাকরি বাতিল হওয়ার কথা স্বীকার করেছেন। তিনি দাবি করে বলেন, “আমি প্রধানের প্রভাব খাটিয়ে কোনমতেই চাকরি পাই নি। আমি নিজের যোগ্যতায় চাকরি পেয়েছিলাম”। তিনি আরও দাবি করেন, “আমি আগে সেচ দফতরে চাকরি করার পাশাপাশি বিভিন্ন সরকারি পরীক্ষায় বসেছিলাম। সেই রকমই বিদ্যালয়ের গ্ৰুপ সি পদে পরীক্ষা দিয়ে লিখিত পরীক্ষায় পাশ করার পর যথারীতি মৌখিক ও টাইপ টেস্ট পরীক্ষায় পাশও করেছিলাম। আমি ২০১৮ সালের ১৩ এপ্রিল হাওড়ার শিবপুরের যশোদাময়ী উচ্চ বিদ্যালয়ে গ্ৰুপ সি পদে চাকরিতে যোগ দিয়েছিলাম।ওই বছরেই ২০১৮ সালের ১৭ সেপ্টেম্বর সাবসিট গ্ৰাম পঞ্চায়েতের প্রধানের দায়িত্ব নিয়েছিলাম। এই সময় বিরোধীরা যে অভিযোগ করছে, প্রধানের প্রভাব খাটিয়েই আমি চাকরি পেয়েছিলাম তা সম্পুর্ণ ভিত্তিহীন”।

