
মহম্মদ আবু বক্কর মল্লিক: রাত তখন তিনটা বেজে গেছে। ক্লান্ত দুই চোখ স্থির হয়ে আছে কম্পিউটারের পর্দায়। সকাল থেকে শুধু Ctrl+Z আর Ctrl+Z—কীবোর্ডের ‘Z’ বোতামটা যেন মুছে যাওয়ার পথে। তবু ডিজাইনটা মনের মতো হচ্ছে না। প্রতিটি ভার্সনেই যেন একই পুরনো ছাপ, একই বাসি আইডিয়া।
ওদিকে ক্লায়েন্ট ফোনে বলেই যাচ্ছে, “ভাই, এবার একটু নতুন কিছু করো তো!”
কিন্তু আমি কীভাবে বলি তাকে—আর হচ্ছে না? আমার মাথায় আর কিছুই আসছে না? মনে হতে লাগলো, আমি কি আসলেই খারাপ ডিজাইনার? নাকি এই পেশাটাই আমার জন্য নয়?
আসল সমস্যাটা কোথায়?
না, আমি খারাপ ডিজাইনার নই। আসল রোগটা অন্য জায়গায়—ক্রিয়েটিভ বার্নআউট।বছরের পর বছর একই ধরনের কার্ড, ব্যানার, পোস্টার ডিজাইন করতে করতে মস্তিষ্কটা যেন শুকিয়ে গেছে। সকাল থেকে রাত—শুধু ফটোশপ খোলা আর বন্ধ করা। নতুন কিছু শেখার সময় নেই, চিন্তা করার সময় নেই, এমনকি একটু দম নেওয়ার সুযোগও নেই।
তারপর একদিন হঠাৎ করেই আমার সাথে পরিচয় হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের, এবং সেদিন থেকেই সবকিছু বদলে গেলো।

এক অসীম সম্ভাবনার মহাসমুদ্র
AI-এর সাথে কাজ করা মানে যেন এক নতুন ইউনিভার্সে পা রাখা। যার কোনো শেষ নেই, ক্লান্তি নেই, মেজাজ খারাপ হওয়ার ভয় নেই। সে শুধু শোনে—আমি কী চাই। এবং তারপর সেই অনুযায়ী অক্লান্ত পরিশ্রম করে যায় আমাকে খুশি করার জন্য।
– সপ্তাহের কাজ একদিনে শেষ হয়ে যাচ্ছে।
– ঘণ্টার পর ঘণ্টার রিসার্চ মাত্র কয়েক মিনিটে সম্পন্ন হচ্ছে।||
– নতুন আইডিয়ার সমুদ্র হাতের মুঠোয়।
কিন্তু এই গল্পের একটা অন্ধকার দিকও আছে।
যারা এগিয়ে যাচ্ছে, আর যারা পিছিয়ে পড়ছে
কিছু মানুষ AI-কে সিরিয়াসলি নিয়েছে। তারা এখন দ্রুত কাজ করছে, বেশি কাজ করছে, নতুন কিছু করছে। ফলে কর্মক্ষেত্রে তারাই পাচ্ছে প্রাধান্য।
আর যারা AI শিখছে না? তারা ধীরে ধীরে পিছিয়ে পড়ছে। আটকে যাচ্ছে সেই পুরনো যুগে—একই কাজ, একই ধরন, একই ফলাফল।
তবে এখানে একটা সত্য মনে রাখা জরুরি: “AI নিজে নিজে কিছুই করতে পারে না। মানুষই তাকে প্রম্পট দিয়ে পরিচালনা করে। তাই মানুষ ছাড়া AI-এর কোনো মূল্য নেই।”

AI কি চাকরি কেড়ে নেবে?
অনেকে ভয় পান যে AI চাকরি কেড়ে নিয়ে যাবে। সত্যি কথা হলো—AI সরাসরি চাকরি নিয়ে নেবে না। কিন্তু যারা AI শিখবে না, তাদের চাকরি নিয়ে নেবে যারা AI ব্যবহার করতে জানে। এটাই বাস্তবতা। এটাই যুগের দাবি।
এখন করণীয় কী?
খুব সহজ—AI-কে ভয় না পেয়ে বন্ধু বানান। প্রতিদিন অল্প সময় দিন। শিখুন, চর্চা করুন, পরীক্ষা করুন। টেকনোলজি আমাদের শত্রু নয়, সহযোগী। যারা এটা বুঝতে পারবে, তারাই এগিয়ে থাকবে।
