
নিজস্ব সংবাদদাতা, বসিরহাট: সাম্প্রদায়িক সম্প্রীতিকে পাথেয় করে শারদ উৎসবের চেক বিতরণের ছবি দেখা গেল বসিরহাটে। সাম্প্রদায়িক হানাহানিতে বিধ্বস্ত বিশ্বের বিভিন্ন প্রান্ত। মানুষের সঙ্গে মানুষের রক্তক্ষয়ী যুদ্ধে প্রাণ হারান লক্ষ লক্ষ মানুষ। সবাই খোঁজে শান্তির বাতাবরণ। যার একমাত্র উপায় সাম্প্রদায়িক সম্প্রীতিকে রক্ষা করা। সেই আদর্শকে মাথায় রেখেই দুর্গোৎসবের চেক বিলি অনুষ্ঠানে সামিল হলেন হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ।

বসিরহাটের মাটিয়া থানা সংলগ্ন এক অনুষ্ঠান গৃহে ১২২টি পূজা উদ্যোক্তাকে ১ লক্ষ ১০ হাজার টাকার চেক তুলে দেওয়া হল। সেই চেক তুলে দেওয়ার অনুষ্ঠানেই দেখা গেল সম্প্রীতির বাতাবরণ। হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ বিভিন্ন ক্লাবের পক্ষ থেকে চেক গ্রহণ করলেন। এদিনের এই চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাটিয়া থানার ভারপ্রাপ্ত আধিকার বিশ্বজিৎ সাঁপুই, উত্তর ২৪ পরগণা জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ এটিএম আব্দুল্লাহ্ রনি, বসিরহাট ২ পঞ্চায়েত সমিতির সভাপতি সৌমেন মন্ডল, মৎস্য ও প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষ, বিশিষ্ট সমাজসেবী সরোজ বন্দ্যোপাধ্যায় ও মিহির ঘোষ সহ একাধিক জনপ্রতিনি ও প্রশাসনিক আধিকারিকরা।

এই অনুষ্ঠান নিয়ে উত্তর ২৪ পরগণা জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ এটিএম আব্দুল্লাহ রনি বলেন, “মোট ১২২টি পুজো উদ্যোক্তাকে চেক তুলে দেওয়া হচ্ছে। এই এলাকায় যেমন আদিবাসী সম্প্রদায়ের মানুষরাও পুজোয় সামিল হন। অপরদিকে মহিলা পুজো উদ্যোক্তারাও রয়েছেন। সকলকে নিয়ে আমরা এগিয়ে চলেছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য যে সার্বিক উন্নয়ন করেছেন তার পাশাপাশি শারদ উৎসবেও যেভাবে পুজো উদ্যোক্তাদের পাশে দাঁড়িয়েছেন আমরা তার কাছে কৃতজ্ঞ। সাম্প্রদায়িক সম্প্রীতিকে বহন করে চলাই বাংলার কৃষ্টি তথা সংস্কৃতি। আমরা সেটাকেই পাথেয় করে চলেছি।”

