
নিজস্ব সংবাদদাতা, পশ্চিম বর্ধমান: ভারতীয় সংগীতের আকাশে উজ্জ্বলতম দুটি নক্ষত্র স্বর্গীয় শচিন দেব বর্মন ও রাহুল দেব বর্মন। দেশ বিদেশের সঙ্গীত প্রেমীরা আজও উদ্বেলিত হয়ে ওঠেন এই দুই মহান সঙ্গীতকারের অসাধারণ সব সুরের মায়াজালে। সম্প্রতি পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের মার্কনী স্বপন ব্যানার্জ্জী স্মৃতি মঞ্চে অনুষ্ঠিত হল এই দুই মহান সঙ্গীতকারদের শ্রদ্ধা জানিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানের আয়োজক ছিল দুর্গাপুরের সংস্থা শ্রীসঙ্গীতম। উল্লেখ করা যায়, শ্রীসঙ্গীতমের বাৎসরিক অনুষ্ঠান উপলক্ষে এই সংস্থার কর্ণধার শিল্পী গৌতম দাস সারাদিনের অনুষ্ঠানের আয়োজন করেন। শতাধিক সঙ্গীত শিল্পীদের সঙ্গীত পরিবেশন ছিল এই অনুষ্ঠানের মূল আকর্ষণ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাচিক শিল্পী কবি অন্তরা সিংহরায় এবং চন্দ্রা পাঁজা।

