
নিজস্ব সংবাদদাতা, হুগলি: ‘ওরে গৃহবাসী খোল দ্বার খোল, লাগলো রে দোল…..’গানে গলা মিলিয়ে নৃত্যের ছন্দে পায়ে প মিলিয়ে হুগলির শ্রীরামপুর শহরের প্রাণকেন্দ্র বটতলা থেকে এক বনাঢ্য শোভাযাত্রা শহর পরিক্রমা করে মহেশ জগন্নাথ মন্দিরে এসে শেষ হয় ১২ মার্চ সকালে।

শ্রীরামপুর পৌরসভার স্বাস্থ্য দপ্তরের পৌরপ্রধান পারিষদ তিয়াসা মুখার্জীর ব্যবস্থাপনায় এই দোল বা বসন্ত উত্সবকে কেন্দ্র করে আয়োজিত এই বনাঢ্য শোভাযাত্রায় পা মেলাতে দেখা গেল শ্রীরামপুর পৌরসভার পৌরপ্রধান গিরিধারী সাহা, পৌরপ্রধান পারিষদ সন্তোষ কুমার সিং, কাউন্সিলার অসীম পন্ডিত, শান্তনু গাঙ্গুলী সহ সমাজের বিভিন্ন ক্ষেত্রের গুণী মানুয্জন ও স্থানীয় শিল্পীগনকে।

শ্রীরামপুর পৌরসভার পৌরপ্রধান গিরিধারী সাহা রঙের উত্সব দোলের শুভেচ্ছা বার্তায় সমগ্র শ্রীরামপুরবাসী তথা রাজ্যবাসীর উদ্দেশ্যে বলেন, তাঁরা চান সকলে মিলে সৌভ্রাতৃত্বপূর্ণ মন নিয়ে মেতে উঠুক রঙে উত্সব দোল উত্সব বা বসন্ত উত্সবে। তিনি আবেদন রাখেন দোলের রঙ যেন কোনও ভাবেই অবলা পশুদের গায়ে না দেওয়া হয় সেই বিষয়ে।

