
নিজস্ব সংবাদদাতা, রাণাঘাট: ছোট্ট অস্মিকার জীবন বাঁচাতে এগিয়ে এল বৈদ্যবাটি পৌরসভা। ভালোবাসার দিনে এক অনন্য নজির গড়লেন হুগলি জেলার অন্যতম প্রাচীন পৌরসভা বৈদ্যবাটি পৌরসভার পৌরসদস্য- পৌরসদস্যাগণ। বৈদ্যবাটি পৌরসভার পৌরপ্রধান পিন্টু মাহাতোর নেতৃত্বে তাঁরা এদিন নদীয়া জেলার রাণাঘাটে স্পাইনাল মাস্কুলার অ্যট্রফ্রি টাইপ-১ রোগে আক্রান্ত অস্মিকা দাসের বাড়িতে হাজির হয়ে সকল পৌরসদস্য ও পৌরসদস্যাদের এক মাসের সম্মানীর টাকা একত্র করে পাঁচ লক্ষ বাহাত্তর হাজার টাকার চেক তুলে দেন।

তাঁদের এই মহত্ কর্মকাণ্ড বিষয়ে পৌরপ্রধান পিন্টু মাহাতো বলেন, তাঁরা মনেপ্রাণে চান ছোট্ট অস্মিকা খুব তাড়াতাড়িই তাঁর সুস্থ জীবন ফিরে পাক। তিনি ছোট্ট অস্মিকার পাশে দাঁড়াতে রাজ্যের সকল পৌরসভা ও পৌরনিগমের সকলের কাছে আবেদন করেন এদিন।

পৌরপ্রধানের সঙ্গে এদিন উপস্থিত ছিলেন এই পৌরসভার উপ-পৌরপ্রধান শান্তনু দত্ত, পৌরসদস্যা মহুয়া ভট্টাচার্য্য, রাখী সাধুখাঁ, শম্পা সরকার, পৌরসদস্য দেবরাজ দত্ত, রাজু পাড়ুই সহ অন্যরা। উওপস্থিত ছিলেন রাণাঘাট পৌরসভার পৌরপ্রধানও।

