
নিজস্ব সংবাদদাতা, নিউটাউন, কলকাতা: জানুয়ারীর শেষ লগ্নে উপস্থিত হয়ে কলকাতার উপকণ্ঠে নিউটাউনে উদ্বোধন হয়ে গেল নিউটাউন ভিলার নমুনা বাংলোর। প্রসঙ্গত উল্লেখ করা যায় নিউটাউনে রাজ্যের আবাসন শিল্পের দুই খ্যাতিমান সংস্থা শ্রাচি গ্রুপ এবং কেভেনটার্সের যৌথ উদ্যোগে নির্মিত হচ্ছে এই বিলাসবহুল বাংলো প্রজেক্ট।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রাচি গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর রাহুল টোডি, এবং কেভেনটার্সের ম্যানেজিং ডিরেক্টর মায়াঙ্ক জালান সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। উল্লেখ্য, আবাসন শিল্পের এই দুই সংস্থা যৌথ উদ্যোগে প্রথমবারের জন্য নিউটাউনে সকল রকম আধুনিক সুযোগ-সুবিধা সমন্বিত এই বাংলো কমপ্লেক্স বানাতে উদ্যোগী হয়েছেন। শ্রাচি গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর রাহুল টোডি জানান, প্রায় তিন কাঠার ওপর ফোর বিএইচকে প্রায় ২১০০ বর্গ ফুটের এক একটি বিলাসবহুল বাংলো নির্মাণ করা হচ্ছে।

তিনি আরও বলেন, নিউটাউন ভিলা একটি উল্লেখযোগ্য মাইলফলক কারণ আমরা কেভেনটার্সের সঙ্গে যৌথ উদ্যোগের এক দুর্দান্ত মুহূর্তের সাক্ষী হতে পেরেছি। প্রতিটি বাংলোর সামনে ও পেছনে নিজস্ব বাগান, পরিচারকদের থাকার ব্যবস্থা, সকল রকম অত্যাধুনিক সুবিধা ও কড়া নিরাপত্তা ব্যবস্থা সহ আনুমানিক দেড় কোটি মূল্যের এক একটি বাংলো উপহার দিতে চলেছেন এই দুটি গ্রুপ। এর সঙ্গে সঙ্গে এই কমপ্লেক্সে থাকছে বাচ্চাদের খেলার জায়গা, ইনডোর গেমসের জায়গা, বিলাসবহুল সুইমিং পুল, জিম, স্পা ইত্যাদি জীবনযাত্রার আধুনিক ব্যবস্থাপনা।

