সঞ্জয় মুখোপাধ্যায়, কলকাতা: চলছে ৪৭ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা। এবার বইমেলার দিন অনেকটাই এগিয়ে এসেছে। আর এই এগিয়ে আসা ও এবারের বইমেলা প্রসঙ্গে পাবলিশার্স অ্যান্ড গিল্ডের সাধারণ সম্পাদক সুধাংশু শেখর দে আমাদের জানলেন, এবারের বইমেলায বইয়ের বিক্রি ভালই হবে।
এর সঙ্গে সঙ্গে তিনি বলেন আমাদের সকলের উচিত বইকে উপহার হিসেবে নানা সামাজিক অনুষ্ঠানে উপহার দেওয়া। এতে বই পড়ার ঝোঁক যেমন বাড়বে, তার সঙ্গে সঙ্গে তিনি বলেন আমাদের ছোটবেলায় সপ্তাহে একদিন স্কুলের লাইব্রেরী খুলে নিজেদের পছন্দমত বই পড়ার জন্য দেওয়া হতো, আবারও এই ব্যবস্থা চালু করা উচিত স্কুলে স্কুলে। বইমেলার দিনক্ষণ এগিয়ে আসার প্রসঙ্গে তিনি জানান, এর আগে এই বইমেলা ৩০ বা ৩১ জানুয়ারী শুরু হতো। এই বছর বইমেলা এগিয়ে আসার কারণে দুটি ছুটির দিন পাওয়া গেছে এতে তাঁরা যে বিশেষ আনন্দিত তাও তিনি জানান।
তিনি সাধারণ মানুষের কাছে আবেদন করেন বইমেলায় আসতে। গতবছরের তুলনায় এই বছর অনেকটাই স্টলের সংখ্যা বেড়েছে, প্রায় এক হাজারের মত স্টল হয়েছে। এবারের মেলায় প্রায় ১০,০০০ নতুন বই আসার কথা বলেও তিনি জানান। সুধাংশুবাবু জানলেন এই বছর জেলা থেকে অনেক নতুন নতুন প্রকাশকরা তাঁদের বইয়ের সম্ভার নিয়ে হাজির হয়েছেন। বই বিক্রি প্রসঙ্গে তিনি জানান, প্রচুর মানুষ ইতিমধ্যেই এই মেলায় এসেছেন, অনেকেই বই কিনেছেন, প্রকাশকদের মুখেও হাসি দেখা গেছে বলেও তিনি জানান।













