
নিজস্ব সংবাদদাতা: আমাদের সমাজে আজ এমন কিছু মানুষ আছেন যাঁরা প্রকৃতই সমাজের সেই প্রান্তিক মানুষগুলোর সঙ্গে তাঁদের পাশে নিজেকে নিয়োজিত রাখেন। এই মানুষগুলোর কাজ আমাদের সমাজের বুকে দৃষ্টান্ত স্থাপন করে রাখে চিরকাল। মানুষ বেঁচে থাকে জনগণের মাঝে তাঁর কাজের দ্বারাই, আর জীবসেবাতেই ঈশ্বর লাভ হয় এই মন্ত্রকে পাথেয় করে পথ চলেন এঁরা। এমনই এক মানুষ হুগলি জেলার উত্তরপাড়ার ভূমিপুত্র অরূপ মুখার্জী। যাঁর অন্য পরিচয় তিনি ইন্টারন্যাশানাল হিউম্যান রাইট অ্যান্ড ক্রাইম কন্ট্রোল অর্গানাইজেসন এর ন্যাশানাল সেক্রেটারী। এহেন অরূপ মুখার্জী বিগত দুই বছর ধরে সমাজের সেই সকল প্রান্তিক মানুষগুলিকে ঘর বাঁধার স্বপ্নকে সাকার করে তুলতে আয়োজন করছেন গণবিবাহের আসর হুগলির কোন্নগরে।

এই বছরও তিনি তাঁর এই উদ্যোগ সফল করতে আয়োজন করেছিলেন হুগলি জেলার কোন্নগরের বারোমন্দির প্রাঙ্গণে তিন কন্যার বিবাহের আসর। সুন্দরবন এলাকার পাথরপ্রতীম ব্লকের তিন যুবক এদিন পরিণয় সুত্রে আবদ্ধ হলো ওই এলকারই তিন কন্যার সঙ্গে শুধুমাত্র অরূপ মুখার্জীর আন্তরিক ব্যবস্থাপনায়। তিন কন্যার এই বিবাহ অনুষ্ঠানকে কেন্দ্র করে গতকালের সন্ধ্যায় কোন্নগরের বারোমন্দির প্রাঙ্গণে চাঁদের হাট বসেছিল বলাই যায়।

উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের পূর্ত ও পরিবহন কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জী, সাংবাদিক প্রবীর ঘোষাল, কোন্নগর পৌরসভার পৌরপ্রধান স্বপন দাস, উত্তরপাড়া পৌরসভার ৭ নং ওয়ার্ডের কাউন্সিলার অজয় সিং মার্শাল সহ পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্ত থেকে হাজির ছিলেন বিশিষ্ট ব্যক্তিগণ। রীতিমত সকল রীতি-নীতি মেনে এই সন্ধ্যায় তিন কন্যার পরিণয় সুসম্পন্ন করলেন অরূপ মুখার্জী এবং তাঁর সহযোগী বৃন্দ রাজু মুখার্জী, তননি, বিনীতা ও মেঘারা।
