
নিজস্ব সংবাদদাতা: আর কদিন পরেই আসছে বাংলা নববর্ষ। আর এই মূহুর্তে যখন সারা শহর তীব্র দাবদাহে অস্থির, সেই সময়েই পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের উদ্যোগে আয়োজিত হতে চলা নববর্ষ বই উৎসব যেন এক ঝলক তাজা বাতাস বয়ে নিয়ে এল বইপ্রেমী মানুষদের জন্য। বাংলা নতুন বছর ১৪৩০কে আহ্বান জানিয়ে আগামী ১৬ এপ্রিল থেকে দক্ষিণ কলকাতার সাউথ সিটি মলের বিপরীতে তালতলা মাঠে অনুষ্ঠিত হতে চলেছে নববর্ষ বই উৎসব। এই উত্সবের সহযোগিতায় থাকছে কলকাতা পৌরসভা, কে.এম.ডি.এ, এবং ৯৩ নং ওয়ার্ড ক্লাব সমন্বয় পরিষদ।

এই নববর্ষ বই উৎসব বিষয়ে কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের পক্ষ থেকে জানানো হয়, এই বই উত্সব আয়োজন করার জন্য দীর্ঘদিন ধরে দক্ষিণ কলকাতার বহু পাঠকবন্ধু দাবি জানিয়ে আসছিলেন। কারণ ময়দান থেকে আন্তর্জাতিক কলকাতা বইমেলা সল্টলেকের করুণাময়ীতে পাকাপাকি চলে যাওয়ার পর দক্ষিণের মানুষরা সেভাবে নিয়মিত যেতে পারতেন না। সেই অভাব মেটাতেই এই উৎসব এবার তাঁদের ঘরের কাছে। গিল্ডের তরফ থেকে জানানো হয় দক্ষিণ কলকাতায় আয়োজিত হতে চলা নববর্ষ বই উৎসবের উদ্বোধন হবে আগামী ১৬ এপ্রিল ২০২৩, সন্ধে সাড়ে ছটায়। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট সাহিত্যিক শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায়, শ্রীমতী বাণী বসু, কলকাতার মহানাগরিক তথা মন্ত্রী শ্রী ফিরহাদ হাকিম, সাংসদ তথা কলকাতা পৌরসভার চেয়ারম্যান শ্রীমতী মালা রায়, কলকাতা পৌরসভার মেয়র পরিষদ সদস্য তথা বিধায়ক শ্রী দেবাশীষ কুমার এবং ৯৩ নং ওয়ার্ডের পৌরমাতা শ্রীমতী মৌসুমী দাস প্রমুখ বিশিষ্টজন। নববর্ষ বই উৎসব’ চলবে আগামী ২৫ এপ্রিল ২০২৩ পর্যন্ত। প্রতিদিন ৩টে থেকে রাত ৯টা। এদিনের সাংবাদিক সম্মেলনে পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের পক্ষ থেকে জানানো হয় মেলার ১০ দিন জুড়ে প্রতিদিন বিকেলে থাকছে নানান বিষয় নিয়ে অত্যন্ত আকর্ষণীয় বিতর্ক ও আলোচনা সভা। এইসব আলোচনায় উপস্থিত থাকছেন স্ব-স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত বিশিষ্ট গুণিজনেরা। এছাড়াও প্রায় রোজই থাকছে গান, আবৃত্তি, নৃত্যানুষ্ঠান, নাটক ও অন্যান্য সাংস্কৃতিক বিনোদন অনুষ্ঠান। দক্ষিণ কলকাতার এই নববর্ষ বই উৎসবে উপস্থিত থাকছে পশ্চিমবঙ্গের নামি বাংলা ও ইংরেজি বইয়ের প্রকাশকদের স্টলও। পাঠকদের জন্য থাকছে বিশেষ ছাড়। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদিব কুমার চট্টোপাধ্যায়, গিল্ডের সভাপতি শুধাংশু শেখর দে, গিল্ডের সহ সভাপতি শ্রীবেন্দু ভট্টাচার্য্য, গিল্ডের কোষাধ্যক্ষ তাপস সাহা, রাজ্যের মন্ত্রী দেবাশীষ কুমার, সহ কলকাতা পুর নিগমের ৯৩ নং ওয়ার্ডের পৌরমাতা মৌসুমী দাস।
