
মিমি: কুঁচবরণ কন্যা তার মেঘ বরণ কেশ। মেঘবরণ কেশ সব নারীর মনের সুপ্ত বাসনা। প্রত্যেকটি নারী স্বপ্ন দেখে তারও রূপকথার রাজকন্যা রূপাঞ্জলের মতো মাথায় এক ঢাল চুল থাকবে। চুল সৌন্দর্যের অন্যতম মাপকাঠি। কিন্তু বর্ষাকালে এই চুল নিয়ে নাজেহাল হয় না এমন মানুষ আজকের দিনে নেই বললেই চলে। আদ্র আবহাওয়া আর ঘাম সব মিলে-মিশে নানান সমস্যার সৃষ্টি করে। তার মধ্যে আছে চুল ওঠা, ফাঙ্গল ইনফেকশন, স্ক্যাল্প ইচিং, খুশকির মতো সব সমস্যা। এই সময় নারী পুরুষ নির্বিশেষে চুলের বিশেষ যত্ন খুব জরুরি। চলুন জেনে নিই বর্ষার চুলের যত্নের কয়েকটি উপায়।

১) শ্যাম্পু করুন : এই সময় মাইল্ড হারবাল শ্যাম্পু দিয়ে নিয়মিত চুল ধুয়ে নিন। বিশেষ করে বৃষ্টির জলে ভিজলে অবশ্যই হেয়ার ওয়াশ করা উচিৎ।
২) স্ক্যাল্প শুকনো রাখুন: বর্ষাকালে আদ্র আবহাওয়ার দরুন ভিজে চুল সহজে শুকনো হয় না। এই জন্য হেয়ার ড্রাইয়ের শরণাপন্ন হওয়া ভীষণ জরুরি। এর ফলে ফাঙ্গল ইনফেকশনের মতো সমস্যার হাত থেকে মুক্তি পাওয়া যায়। এর সাথে সাথে চুল ঝরার অনেকটা রোধ করা সম্ভব।

৩) ভিজে চুল বাঁধবেন না: অনেকে কাজের চাপে ভিজে চুল বেঁধে রাখেন। এটা কখনোই করবেন না। এতে আদ্রতা জমে চুল ভঙ্গুর ও জেল্লাহীন হয়ে পরবে।
৪) বর্ষার উপযোগী হেয়ার প্যাক: বাজার চলতি কেমিকাল হেয়ার প্যাক না লাগিয়ে বাড়িতেই বানিয়ে ফেলুন চুলের খাদ্য। এতে আপনার চুল পর্যাপ্ত পুষ্টি পাবে কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই। একটি ঘরোয়া হেয়ার প্যাকের কথা বলি, পাকা কলা, দু চামচ অলিভ অয়েল, বা খাঁটি নারকেল তেল ও মধু ভালো করে মিশিয়ে সমস্ত চুলে লাগান। আর একটা ভীষণ ভালো মাস্ক হলো-দই, মেথি গুড়োর মাস্ক।

সপ্তাহে একদিন অন্তত হট অয়েল ম্যাসাজ করুন। এতে চুল এক্সট্রা নারিশমেন্ট পাবে। সেই সাথে কাঠের চিরুনি ব্যবহার করুন এতে স্ক্যাল্প ভালো থাকে। এই পঞ্চবান অনুসরণ করলেই আপনি খুব সহজেই এড়াতে পারবেন চুলের যে কোনো সমস্যা। আপনার প্ৰিয় জন আপনার চুলের প্রশংসা করে বলবে তোমার ওই চুলে দেখেছিলেম মায়ার কারুকাজ।












