ম্যানগ্রোভ রোপণ করে সুন্দরবন বাঁচানোর সংকল্প নিয়ে ভোট প্রচারে দুই প্রার্থী

basirhat-14সৌমাভ মণ্ডল: ম্যানগ্রোভ রোপণের মাধ্যমে সুন্দরবন বাঁচানোর সংকল্প নিয়ে নিজেদের ভোট প্রচার শুরু করলেন তৃণমূল প্রার্থীরা। বসিরহাট মহকুমার সুন্দরবনের দুই বিধানসভা অর্থাৎ হিঙ্গলগঞ্জ ও সন্দেশখালি বিধানসভা এলাকাতেই অবস্থিত পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ। সেই ব-দ্বীপেই অবস্থিত সুন্দরবন। সেই ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সুন্দরবনে ম্যানগ্রোভ রোপন করে পরিবেশের ভারসাম্য রক্ষার বার্তা দিলেন তৃণমূল কংগ্রেসের দুই প্রার্থী; হিঙ্গলগঞ্জের দেবেশ মন্ডল ও সন্দেশখালির সুকুমার মাহাতো। দেখা গিয়েছে বিগত বেশ কয়েক বছরে বুলবুল, ফণি ও আম্ফানের মত ঝড়ের প্রকোপ সুন্দরবনের বিস্তীর্ণ এলাকার ম্যানগ্রোভ বিপুল পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে। সুন্দরী, গরান, গেঁওয়া, হেতাল ও কেঁওড়ার মতো গাছগুলি নিজেদের অস্তিত্ব বিপন্নতার মুখে দাঁড়িয়ে আছে। ইতিমধ্যে রাজ্য ও কেন্দ্র সরকার এমনকি রাষ্ট্রপুঞ্জের পক্ষ থেকে বিপুল পরিমাণে ম্যানগ্রোভ রোপণের কাজ শুরু হয়েছে সুন্দরবনের এই বিস্তীর্ণ অঞ্চলে। সেই ধারাকে অব্যাহত রাখতে এদিন রায়মঙ্গল, কালিন্দী, গৌড়েশ্বর ও বিদ্যাধরীর মতো একাধিক নদীর পাড়ে ম্যানগ্রোভ লাগাতে দেখা গেল তৃণমূলের এই দুই প্রার্থীকে। ম্যানগ্রোভ রোপণের মাধ্যমেই তারা নিজেদের কেন্দ্রে ভোট প্রচার শুরু করলেন এবং সাধারণ মানুষকে বার্তা দিলেন আরো বেশি করে যাতে ম্যানগ্রোভ রোপন করা হয়। এদিন হিঙ্গলগঞ্জ বিধানসভার খুলনা গ্রাম পঞ্চায়েতের রায়মঙ্গল নদীর তীরে সুকুমার মাহাতো ও দেবেশ মন্ডল একাধিক ম্যানগ্রোভ রোপণ করেন। ভোট প্রচারের এই অভিনব কাজে তাদের যোগ্য সঙ্গত দেন সন্দেশখালি বিধানসভার তৃণমূল কংগ্রেসের আহ্বায়ক শেখ শাহজাহান, সন্দেশখালি দু’নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শিবপ্রসাদ হাজরা ও খুলনা গ্রাম পঞ্চায়েতের উপ উপপ্রধান সত্যজ‍্যোতি সান্যাল সহ একাধিক তৃণমূল নেতৃত্ব ও আপামর সুন্দরবনবাসী। লক্ষ্য একটাই বিপুল পরিমাণে ম্যানগ্রোভ রোপন করে সুন্দরবন ও পরিবেশ তথা বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা করা। এদিনের ভোট প্রচারের এই অভিনব কৌশলে যথেষ্টই খুশি সুন্দরবনবাসীরা, কারণ তারাই জানে ম্যানগ্রোভই বাঁচায় সুন্দরবনকে।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading