
দাদা সাহেব ফালকে ও লিজিয়ণ্ড অফ অনার পুরস্কারে ভূষিত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়কে হীরালাল সেন পুরস্কার প্রদান করে শুরু হল ৩ বর্ষ বেঙ্গল ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। ১মে সন্ধ্যায় কলকাতার এক পাঁচতারা হোটেলে প্রধান অতিথি পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী ব্রাত্য বোস প্রদীপ জ্বালিয়ে শুভ সূচনা করেন এই উত্সবের। অনুষ্ঠানে সম্বর্ধনা প্রদান করা হয় ২০১৮’র জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেতা ঋদ্ধি সেনকে। এছাড়াও সন্মাননা প্রদান করা হয় ওপর বাংলার বিশিষ্ট অভিনেতা-টেলিভিশনের জনপ্রিয় মুখ আলমগীর হোসেন (নায়ক রাজ রজ্জাক পুরস্কার), প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত (দেবকী কুমার বোস পুরস্কার), ভেঙ্কটেশ ফিল্মের শ্রীকান্ত মোহতা (বি. এন. সরকার পুরস্কার), প্রখ্যাত চলচ্চিত্র সাংবাদিক ডাঃ সোমা এ. চট্টোপাধ্যায় (কৈলাশ মুখার্জী পুরস্কার)। এছাড়াও সংবর্ধিত করা হয় পরিচালক অতনু ঘোষ, ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়ার সভাপতি সাকসী গোপাল মেহেরা, সহ সারা ভারত থেকে আগত ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়ার একঝাঁক সদস্যদের।

বাংলা চলচ্চিত্র দুনিয়ার বিভিন্ন ব্যক্তিত্বদের উপস্থিতিতে এদিনের অনুষ্ঠানে চাঁদের হাট বসেছিল একথা বলাই যায়। উল্লেখযোগ্য উপস্থিতির মধ্যে ছিলেন অভিনেতা প্রসেনজিত্ চট্টোপাধ্যায়, কৌশিক সেন, অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, পাওলি দাম, গার্গী রায়চৌধুরী, শতরূপা স্যানাল, চিত্রশিল্পী শুভাপ্রসন্ন, পশ্চিমবঙ্গ সরকারের ক্রেতা সুরক্ষা দপ্তরের মাননীয় মন্ত্রী সাধন পান্ডে, কলকাতা করপোরেশনের মেয়র পরিষদ(উদ্যান) দেবাশীষ কুমার, শিল্পপতি সঞ্জয় বুধিয়া সহ বেঙ্গল ফিল্ম অ্যান্ড টেলিভিশন চেম্বার অফ কমার্স এর সভাপতি ফিরদাউসাল হাসান, সম্পাদক বিপ্লব চক্রবর্তী, উত্সব কমিটির প্রধান অঞ্জন বোস। উত্সব উপলক্ষে এদিন এক স্মরণিকাও প্রকাশ করা হয়।

উল্লেখ্য এবারের উত্সবে ভারত, বাংলাদেশ, জার্মানী, সুদান, আফ্রিকা ও ভারতীয় ফিল্ম ডিভিশন, ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্সটিটিউট অফ ইন্ডিয়ার ছাত্রদের ও সত্যজিত্ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্সটিটিউট এর ছাত্র-ছাত্রী দ্বারা তৈরি মোট ১২২টি ছোট সিনেমা স্থান পেয়েছে বলে জানান উত্সব কমিটির প্রধান অঞ্জন বোস। তিনি আরও জানান ১২২ টির মধ্যে ৯৮ টি ভারতীয় ও ২৪ টি বিদেশের। যার মধ্যে উত্সবে দেখানো হবে ৪৪টি ভারতীয় ও ১০ টি বিদেশী সমেত মোট ৫৪টি ফিল্ম কলকাতা রোটারী সদনে।
উত্সবের সূচনালগ্নে নৃত্য পরিবেশন করেন অভিনেত্রী ইন্দ্রাণী দত্ত ও সম্প্রদায়। সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন বাচিক শিল্পী, তথা টেলিভিশনের জনপ্রিয় মুখ মধুমন্তি মৈত্র।
আমাদের ফ্রেমবন্দী করা অনুষ্ঠানের কিছু দুর্লভ মুহুর্ত :








