বৈদ্যবাটীতে সাহিত্য, সংস্কৃতি ও সৃজনের এক মনোজ্ঞ সন্ধ্যা

নিজস্ব সংবাদদাতা, হুগলী: প্রকাশনার জগতে আত্মপ্রকাশের পর থেকেই নিজস্ব স্বকীয়তা ও সৃজনশীলতার স্বাক্ষর রেখে চলেছে সংবাদ প্রতিখন প্রকাশন। পাঠকের হাতে একের পর এক নতুন বই তুলে দেওয়ার সেই নিরন্তর প্রয়াসেরই আর এক উজ্জ্বল অধ্যায় রচিত হল গত ১৪ নভেম্বর, ২০২৬ শনিবার সন্ধ্যায়। হুগলি জেলার বৈদ্যবাটী শহরের কিড্স ইডেন বিদ্যালয় প্রাঙ্গণে সংবাদ প্রতিখন প্রকাশনের উদ্যোগে আয়োজিত হয় এক সংক্ষিপ্ত অথচ মনোজ্ঞ, ব্যতিক্রমী বই প্রকাশ অনুষ্ঠান।

সাহিত্য, নাটক, আবৃত্তি ও সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্বদের উপস্থিতিতে সন্ধ্যাটি হয়ে উঠেছিল এক আন্তরিক সাংস্কৃতিক মিলনমেলা। উপস্থিত ছিলেন প্রখ্যাত বাচিক শিল্পী ও আকাশবাণী কলকাতার প্রাক্তন ঘোষক অরুণাংশু বিশ্বাস, বিশিষ্ট আবৃত্তিশিল্পী পিয়ালী ঘোষ, জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র পরিচালক অভিজিৎ ব্যানার্জী, বিশিষ্ট সুরকার ও কবি জয়ন্ত পাঠক, বাচিকশিল্পী ও অভিনেতা অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, অভিনেতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুকান্ত চৌধুরী, সংগীতশিল্পী সন্দীপ সরকার, যাত্রাজগতের সুদক্ষ পরিচালক অংশুপ্রকাশ চাকলাদার (সূর্যকিরণ), বিশিষ্ট বাচিক অভিনেতা সুমিত সেনগুপ্ত-সহ বহু গুণীজন।

শিশু দিবসের আবহকে সঙ্গী করেই এদিনের সান্ধ্য অনুষ্ঠানের সূচনা হয় দুই শিশুশিল্পী অদ্রিকা পাল ও অরিণ মণ্ডলের আবৃত্তি পরিবেশনার মধ্য দিয়ে। অনুষ্ঠানের আয়োজনে সহযোগিতা করার জন্য সংবাদ প্রতিখন প্রকাশনের পক্ষ থেকে কিড্স ইডেন বিদ্যালয়ের প্রধান কর্ণধার শুভশ্রী মজুমদারের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়। নিজের সংক্ষিপ্ত বক্তব্যে তিনি সংবাদ প্রতিখন প্রকাশনের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করেন এবং নাট্যকার পার্থপ্রতিম মজুমদারের সাহিত্য ও নাট্যকর্ম সম্পর্কে আলোকপাত করেন।

এদিনের বই প্রকাশ অনুষ্ঠানের অন্যতম বৈশিষ্ট্য ছিল প্রতিটি বইয়ের আত্মপ্রকাশকে ঘিরে স্বতন্ত্র আয়োজন। অনুষ্ঠানের প্রথম পর্বে প্রকাশিত হয় প্রবীণ কবি, সাহিত্যিক ও প্রাক্তন সাংবাদিক সুমিত দাঁ-র লেখা একটি উপন্যাস “মায়ামুক্তি” ও একটি কাব্যসংকলন “নষ্ট মানুষ ও নির্বাক পৃথিবী”। উল্লেখযোগ্য এই নিয়ে সংবাদ প্রতিখন প্রকাশন থেকে সুমিত দাঁ-র ষষ্ঠ ও সপ্তম বই দুটি প্রকাশিত হল। লেখকের দুই গুণমুগ্ধ পাঠক দীপঙ্কর বন্দ্যোপাধ্যায় ও অরুণ মুখোপাধ্যায়ের হাত ধরে গ্রন্থ দুটির আনুষ্ঠানিক প্রকাশ ঘটে। নিজের বক্তব্যে সুমিত দাঁ সংবাদ প্রতিখন প্রকাশন বিগত কয়েক বছর ধরে যে নিষ্ঠা ও ধারাবাহিকতার সঙ্গে প্রকাশনার কাজ করে চলেছে, তার ভূয়সী প্রশংসা করেন।

এরপর সংবাদ প্রতিখন প্রকাশনের সম্পাদক স্বরূপম চক্রবর্তীর সম্পাদনায় প্রকাশিত হয় আরও দুটি গ্রন্থ—ছোটদের জন্য ভূতের গল্পের সংকলন ‘ভূত-অদ্ভুত’ এবং এপার বাংলা ও ওপার বাংলার লেখক-লেখিকাদের রচনায় সমৃদ্ধ গল্পসংকলন ‘ক্ষণিকের গল্প’। বই দুটির আনুষ্ঠানিক প্রকাশ করেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র পরিচালক অভিজিৎ ব্যানার্জী ও বিশিষ্ট সুরকার-কবি জয়ন্ত পাঠক। নিজের বক্তব্যে অভিজিৎ ব্যানার্জী বর্তমান সময়ে বাংলা ভাষার চর্চা ও প্রসারের প্রয়োজনীয়তা এবং তার সাংস্কৃতিক গুরুত্ব তুলে ধরেন। অন্যদিকে, জয়ন্ত পাঠক তাঁর স্বভাবসিদ্ধ সাবলীল ও মনোগ্রাহী বক্তব্যে উপস্থিত সকলকে মুগ্ধ করেন।

এরপর দুই ক্ষুদে শিল্পী স্রোতস্বিনী ঘোষ ও অনুপ্রিয়া রাজের আবৃত্তি পরিবেশনা অনুষ্ঠানে যোগ করে এক নতুন মাত্রা। তবে এদিনের সন্ধ্যার অন্যতম প্রধান আকর্ষণ ছিল বৈদ্যবাটীর ভূমিপুত্র, নাট্যকার ও অভিনেতা পার্থপ্রতিম মজুমদারের রচিত ‘শ্রুতিনাটক সমগ্র’ গ্রন্থের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ। এই বই প্রকাশের আয়োজনেও ছিল এক অভিনব ভাবনা। প্রথাগত আনুষ্ঠানিক অনুষ্ঠানের বাইরে গিয়ে নাট্যপ্রেমী ও সাহিত্যনুরাগী পাঠকদের এই প্রকাশপর্বের সঙ্গে সরাসরি যুক্ত করা হয়।

গ্রন্থটি প্রকাশের আগেই যে চারজন সাহিত্যপ্রেমী ও নাট্যঅনুরাগী প্রথম অগ্রিম সংগ্রহের আগ্রহ প্রকাশ করেছিলেন, তাঁদের হাত দিয়েই এদিন গ্রন্থটির আনুষ্ঠানিক উন্মোচন করায় সংবাদ প্রতিখন প্রকাশন। এই ব্যতিক্রমী উদ্যোগ উপস্থিত সকলের প্রশংসা অর্জন করে। পাশাপাশি আরও ১৩ জন উৎসাহী পাঠকের হাতে প্রকাশনা সংস্থার পক্ষ থেকে স্বয়ং নাট্যকার পার্থপ্রতিম মজুমদার বইটি তুলে দেন। তাঁদের প্রত্যেকের জন্য সংবাদ প্রতিখন প্রকাশনের পক্ষ থেকে ছিল বিশেষ উপহার। লেখক, প্রকাশক ও পাঠকের এই আন্তরিক মেলবন্ধন বই প্রকাশের মুহূর্তটিকে করে তোলে আরও স্মরণীয়।

অনুষ্ঠানের পরবর্তী পর্বে উপস্থিত দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেন প্রখ্যাত বাচিকশিল্পী ও আকাশবাণী কলকাতার প্রাক্তন ঘোষক অরুণাংশু বিশ্বাস। তাঁর প্রয়োজনীয় ও মননশীল বক্তব্যের পাশাপাশি সুললিত কণ্ঠে আবৃত্তি পরিবেশনা সন্ধ্যাকে করে তোলে আরও সমৃদ্ধ। শিশু দিবস উপলক্ষে বিশিষ্ট আবৃত্তিশিল্পী পিয়ালী ঘোষের বিশেষ আবৃত্তি পরিবেশনাও শ্রোতাদের মন জয় করে নেয়।

এদিনের আলোচনায় বারবার ফিরে আসে বৈদ্যবাটীর একসময়ের সমৃদ্ধ সাংস্কৃতিক পরিমণ্ডল এবং এই অঞ্চলে শ্রুতিনাট্যচর্চাকে ঘিরে গড়ে ওঠা আন্দোলনের স্মৃতি। অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, সুকান্ত চৌধুরী, সন্দীপ সরকার, অংশুপ্রকাশ চাকলাদার ওরফে সূর্যকিরণ, সুমিত সেনগুপ্ত-সহ উপস্থিত বিশিষ্টজনদের বক্তব্যে উঠে আসে সেই সাংস্কৃতিক ঐতিহ্য, তার গৌরবময় অতীত এবং আগামী দিনে তাকে নতুন করে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যাশা।

সমগ্র অনুষ্ঠানটি সুচারুভাবে পরিচালনা করেন সাংবাদিক বিশাখা পাল ও সংবাদ প্রতিখন প্রকাশনের কারিগরি সম্পাদিকা দিপান্বীতা দাস। অনুষ্ঠানের অন্তিম পর্বে বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুকান্ত চৌধুরীর সঙ্গে উপস্থিত সকলে সুরে সুর মিলিয়ে এক আনন্দঘন আবহের সৃষ্টি করেন। সংগীতের মূর্ছনায় এভাবেই ঘটে এদিনের সান্ধ্য অনুষ্ঠানের যবনিকা পতন।

সব মিলিয়ে, সংবাদ প্রতিখন প্রকাশনের এই উদ্যোগ কেবল পাঁচটি নতুন বইয়ের প্রকাশেই সীমাবদ্ধ থাকেনি, বরং লেখক, শিল্পী, সংস্কৃতিমনস্ক মানুষ এবং পাঠকদের এক সুতোয় বাঁধার এক আন্তরিক প্রয়াস হয়ে উঠেছে। বইকে কেন্দ্র করে মানুষের সঙ্গে মানুষের এই সংযোগই প্রকাশনার প্রকৃত সার্থকতা। বৈদ্যবাটীর সাংস্কৃতিক পরিসরে ১৪ নভেম্বরের এই সন্ধ্যা তাই নিঃসন্দেহে স্মরণীয় হয়ে থাকবে।



