নিজস্ব সংবাদদাতা, পশ্চিম বর্ধমান: আগামী ২৭ ডিসেম্বর থেকে পশ্চিম বর্ধমানের শিল্পাঞ্চল দুর্গাপুরে বসতে চলেছে জাতীয় যোগাসন প্রতিযোগিতার আসর। জুনিয়র ও সিনিয়র উভয় বিভাগে ২৫টি রাজ্যের প্রায় ৬৫০ জন প্রতিযোগী এই জাতীয় যোগাসন প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন বলে ৪২ তম জাতীয় যোগাসন আয়োজক কমিটির পক্ষে মিট ডাইরেক্টর আন্তর্জাতিক পাওয়ারলিফ্টার সীমা দত্ত চ্যাটার্জী জানান।
তিনি আরও বলেন পশ্চিম বর্ধমান জেলার অন্যতম প্রধান শহর দুর্গাপুর অন্য সকল বিষয়ের সঙ্গে সঙ্গে খেলাধুলাতেও সমানভাবে সারা দেশে নিজেদের নাম উজ্জ্বল করে তুলছে, এবং এই ধরনের প্রতিযোগিতার আসর অনুষ্ঠিত হবার ফলে এখনকার সকল ক্রীড়াপ্রেমী থেকে শুরু করে সকল বয়সের মানুষ আরও বেশি করে খেলাধুলার প্রতি আকৃষ্ট হবেন।
তিনি আরও বলেন, পশ্চিম বর্ধমান জেলা ফিজিক্যাল কালচারাল অ্যাসোসিয়েশনের আয়োজনে ৪২ তম যোগাসন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আগামী ২৭, ২৮ ও ২৯ ডিসেম্বর স্থানীয় সিধু কানু ইন্ডোর স্টেডিয়ামে। উল্লেখ করা যায় এই প্রতিযোগিতায় পুরুষ ও মহিলা উভয় বিভাগে বয়স ভিত্তিক ৮ টি বিভাগে ভাগ করা হচ্ছে প্রতিযোগীদের।












