
নিজস্ব সংবাদদাতা, পশ্চিম বর্ধমান: পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের আবৃত্তি ও শ্রুতিনাটক প্রশিক্ষণ কেন্দ্র দুর্গাপুরের সৃজনী পেক্ষাগৃহে স্বপ্নছন্দম আয়োজন করেছিল সংস্থার দুইদিনব্যাপী ২২ তম বার্ষিক অনুষ্ঠান। নাটক, শ্রুতিনাটক, কবিতা কোলাজ, কবিতার সঙ্গে নাচ, সংগীত, বই প্রকাশ ছিল এই দুইদিনের মুল অনুষ্ঠান। আমাদের পৃথিবীতে গাছের গুরুত্ব ও গাছ সম্পর্কে সচেতনেতা বাড়াতে দুইদিনের সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় উপস্থিত অতিথিবৃন্দ দ্বারা বট, অশ্বথ, নিম গাছে জল দিয়ে।


স্বপ্নছন্দম আয়োজিত দুদিনের মনোরম এই সাংস্কৃতিক অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্হিত ছিলেন কবি, নাট্যকার আরন্যক বসু, কবি দিশারী মুখোপাধ্যায়, প্রণয় রায়, শিল্পী সূর্য মাইতি, শিল্পী ঋতুপর্ণা সরকার, বাচিক শিল্পী উমা শংকর সেন, কবি ল্যাকি চট্টরাজ, সংগীতশিল্পী দীনবন্ধু বালিয়াল, কবি অন্তরা সিংহরায়, কবি স্নেহাশিস মুখোপাধ্যায় সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। স্বপ্নছন্দমের শিল্পীরা ছাড়াও সুরপরিষদ, উড়ান, ইচ্ছেডানা, সুরশ্রী, ক্যামেলিয়া, সঙ্গীতায়নের শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠান অন্য মাত্রা লাভ করে।


সবুজকে বাঁচাতে এবং নাগরিক সচেতনেতার প্রসারে উপস্থিত অতিথিবৃন্দদের হাতে তুলে দেওয়া হয় গাছের চারা। স্বপ্নছন্দমের কর্ণধার শিল্পী কাকলি দাশগুপ্ত এবং তাঁর সংস্থার শিল্পীদের এই দুইদিন উপলক্ষে মঞ্চসজ্জা ছিল নজরকাড়া।
